মিল্ক ভিটায় যোগ দিচ্ছেন মুনীর চৌধুরী
পরিবেশ অধিদপ্তরের আলোচিত পরিচালক (এনফোর্সমেন্ট) মুনির চৌধুরীকে দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্ক ভিটা) মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার তিনি আগের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। শিগগিরই নতুন দায়িত্ব বুঝে নেবেন বলে জানা গেছে। মুনীর চৌধুরী দুই বছরের বেশি সময় ধরে সারা দেশে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালান। তিনি দায়িত্ব নেওয়ার পর পরিবেশ অধিদপ্তরের রাজস্ব আয় ৩১ কোটি টাকা থেকে বেড়ে ১২৯ কোটি টাকায় উন্নীত হয়।
দূষণকারীদের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে আশা করে মুনির চৌধুরী বলেন, পরিবেশ রক্ষা করেই শিল্প কারখানা পরিচালনা করতে হবে। মিল্ক ভিটায় সুশাসন প্রতিষ্ঠা করে উৎপাদন বাড়ানোর জন্য কাজ করবেন বলে জানান তিনি।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযান বন্ধ, শিথিল ও জরিমানা কমানোর জন্য মুনীর চৌধুরীর ওপর চতুর্মুখী চাপ এলেও তিনি তার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন। এ কারণে প্রভাবশালী ব্যক্তিরাও জরিমানার টাকা দিতে বাধ্য হয়েছেন।
গত দুই বছরে পরিবেশ অধিদপ্তর নদীদূষণ, পাহাড় কাটা, জলাশয় ভরাট, অবৈধ আবাসন, কৃষিজমি ধ্বংস, বনভূমি দখল ও শব্দদূষণের মতো অন্যায়ের বিরুদ্ধে বিরামহীন অভিযান চালিয়ে ক্ষতিপূরণ বাবদ প্রায় ৭৩ কোটি টাকা জরিমানা আদায় করেন।
এসব অভিযানে উদ্ধার করা হয় ৩৫০ একর পাহাড়, বনভূমি ও নদী। জব্দ করা হয় প্রায় পাঁচ হাজার মেট্রিক টন পরিবেশ দূষণকারী যন্ত্রপাতি ও সামগ্রী। প্রায় ২৫০ অবৈধ ইটভাটা উচ্ছেদ ও বন্ধ করে উদ্ধার করা হয় ৪০০ একরের মতো কৃষিজমি। এ ছাড়া দুই বছরে প্রায় ৩৫০টি শিল্প কারখানা বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনে বাধ্য হয়।







debobroto goswami
২০১৩.০১.৩১ ১১:১০Abdullah Al Mamun
২০১৩.০১.৩১ ১২:৪৩