মন্ত্রণালয়কে সংসদীয় কমিটির তিরস্কার
কাজে গতিশীলতা ও সমন্বয় না থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তিরস্কার করেছে এ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বুধবার সংসদীয় কমিটির বৈঠকে এই তিরস্কার করা হয়। সংসদ ভবনে এই বৈঠক হয়।
সংসদ সচিবালয় সূত্র জানায়, গতকালের বৈঠকে সারা দেশের জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় ২০১২-১৩ অর্থবছরে সাধারণ, বিশেষ ও থোক বরাদ্দ নিয়ে আলোচনা নির্ধারিত ছিল। সংসদীয় কমিটি প্রতিটি নির্বাচনী এলাকায় আলাদা করে তিনটি খাতে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তা জানতে চেয়েছে। তবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বৈঠকে উপস্থিত না থাকায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি। আগামী ১০ ফেব্রুয়ারি মন্ত্রীর উপস্থিতিতে এ বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটির সভাপতি মো. রহমত আলী সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রণালয়ের কাজকর্মে সমন্বয় নেই, গতিশীলতা নেই। সে জন্য কমিটির পক্ষ থেকে তিরস্কার করা হয়েছে।’
রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী, মো. আবুল খায়ের ভূঁইয়া, মনোয়ার হোসেন চৌধুরী ও আশরাফ আলী খান উপস্থিত ছিলেন।







mizanul hasan
২০১৩.০১.৩১ ১১:১৮