ঢাকায় এফবিআইয়ের স্থায়ী প্রতিনিধি নিয়োগের প্রস্তাব
ঢাকায় খুব শিগগির একজন স্থায়ী প্রতিনিধি নিয়োগের কথা ভাবছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)। সন্ত্রাসবাদ ও আন্তদেশীয় অপরাধ তৎপরতা দমনে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে এ পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি ঢাকা সফরের সময় এফবিআইয়ের আন্তর্জাতিক কার্যক্রমবিষয়ক সহকারী পরিচালক মাইকেল এস ওয়েল্শ তাঁদের এ পরিকল্পনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরেছেন। এ সফরের সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারের সঙ্গে বৈঠক ছাড়াও প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে ওয়েল্শ গত সপ্তাহে ঢাকা সফর করেন বলে উল্লেখ করা হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছে, তিনি ২৮ জানুয়ারি ঢাকায় আসেন। আর ঢাকা ছেড়েছেন গতকাল।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘অপরাধ তদন্ত, বিশেষ করে সাইবার ক্রাইমে (প্রযুক্তিভিত্তিক অপরাধ) পুলিশের সামর্থ্য বাড়ানোর লক্ষ্যে প্রশিক্ষণে এফবিআইয়ের সহযোগিতা চেয়েছি।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, এখন দিল্লিতে অবস্থানরত এফবিআইয়ের একজন কর্মকর্তা দক্ষিণ এশিয়ার কর্মকাণ্ড তদারক করেন। কাজের পরিধি বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এখন ঢাকায় স্থায়ী প্রতিনিধি নিয়োগের পরিকল্পনা করছে।
মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এফবিআই এর সহকারী পরিচালক ওয়েল্শ ঢাকায় একজন স্থায়ী প্রতিনিধি নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। এই স্থায়ী প্রতিনিধি যৌথ তদন্ত প্রচেষ্টা এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ বিনিময়ে বাংলাদেশের কর্তৃপক্ষকে সহায়তা দেবেন।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






