মাদকাসক্ত স্বামীর অ্যাসিডে দগ্ধ স্ত্রী ও তাঁর সহকর্মী
রাজধানীর মিরপুরে মাজার রোডের কাছে গতকাল বুধবার রাতে মাদকাসক্ত স্বামীর দেওয়া অ্যাসিডে ঝলসে গেছে পোশাকশ্রমিক মরিয়ম বেগমের (২৫) শরীর। এ ঘটনায় মরিয়মের সহকর্মী মমতাজ বেগমও (১৮) অ্যাসিডদগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, মরিয়ম দারুস সালাম টেকনিক্যাল মোড়ে একটি পোশাক কারখানার কর্মী। রাত আটটার দিকে কারখানা ছুটির পর মরিয়ম ও মমতাজ বাসায় ফিরছিলেন। মাজার রোডের কাছে স্বামী রসুল হোসেন মরিয়মের পথরোধ করে তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারেন। এতে তাঁর মুখ, গলা ও বুকের ডান পাশ ঝলসে যায়। মমতাজেরও বুকের ডান পাশ অ্যাসিডে ঝলসে যায়। প্রথমে তাঁদের মাজার রোডের বেসরকারি সেলিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, পুলিশ বিষয়টির খোঁজ নিচ্ছে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






