ক্রিকেটের দেশে মেয়েদের বিশ্বকাপ
ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি, দলীয় চার শ রান প্রথম হয়েছে মেয়েদের ক্রিকেটেই। এমনকি ছেলেদের প্রথম বিশ্বকাপের দুই বছর আগে ১৯৭৩ সালে মাঠে গড়ায় মেয়েদের বিশ্বকাপ। কিন্তু জনপ্রিয়তায় এখনো ছেলেদের ক্রিকেটের চেয়ে সহস্র যোজন ব্যবধান মেয়েদের ক্রিকেটের। সেই মেয়েদের ক্রিকেটের দশম বিশ্বকাপেরই পর্দা উঠছে আজ মুম্বাইয়ে। বাংলাদেশ সময় বেলা তিনটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে ফাইনাল।
বিশ্বকাপের আয়োজক এবার এমন একটা দেশ, যে দেশে ভক্তদের কাছে পুরুষ তারকারা সাক্ষাৎ দেবতা। কিন্তু মেয়েদের ক্রিকেটে ঠিক উল্টো চিত্র। এখনো অভিভাবকেরা মেয়েদের ক্রিকেটে দেওয়ার আগে কয়েকবার ভাবেন। সেই ভারতেই এবার কিছুটা আলোচনা হচ্ছে বিশ্বকাপ নিয়ে। তবে সেটাও নেতিবাচক কারণে। ডানপন্থী রাজনৈতিক দল শিবসেনা হুমকি দেওয়ায় পাকিস্তানের গ্রুপের ম্যাচগুলো মুম্বাই থেকে কটকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে আইসিসি।
ভারতের অধিনায়ক মিতালী রাজ এতে হতাশ। খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন চতুর্থ বিশ্বকাপ খেলতে যাওয়া এই ক্রিকেটার, ‘খেলাধুলা হচ্ছে বিনোদন। এখানকার আবহটা হবে মজার। এখানে রাজনীতি টেনে আনা উচিত নয়।’ এএফপি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







