তারাগঞ্জে ধর্ষণ মামলা তুলে নিতে হুমকি

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ধর্ষণের শিকার এক মাদ্রাসাছাত্রীর বাবার করা মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে ওই ছাত্রীর বাবা ও বোনের বিরুদ্ধে করা মামলায় পুলিশ তাঁদের হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।
ওই ছাত্রীর মা বলেন, ‘গত সোমবার রাতে জুয়েল রানার বাবা মোকলেছার রহমান ১০ থেকে ১২ জন লোক নিয়া আমার বাড়িতে আসি কইছে, যা হাবার হইছে, কিছু টাকা দেয়ছি, মামলাটা মীমাংসা করো। তা না করলে তোমার বড় ক্ষতি হইবে। আরও দুই-তিনটা মামলা তোমার নামে দেমো, দরকার হইলে গ্রামছাড়া করমো।’ ছাত্রীর বাবা অভিযোগ করে জানান, নবম শ্রেণীতে পড়ুয়া তাঁর মেয়েকে ২০ জানুয়ারি সন্ধ্যার পর বাড়িতে একা পেয়ে উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের জুয়েল রানা ধর্ষণ করে। বিষয়টি নিয়ে মীমাংসার প্রস্তাব দিয়ে কাল ক্ষেপণ করতে থাকলে বাধ্য হয়ে তিনি ২৩ জানুয়ারি থানায় ধর্ষণের অভিযোগ করেন।
অন্যদিকে, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তাঁদের বিরুদ্ধে অভিযুক্ত জুয়েল রানাকে মারধর করার অভিযোগ দেওয়া হয় তারাগঞ্জ থানায়।
ছাত্রীর বাবা অভিযোগ করেন, এখন ধর্ষণের মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে করা ওই মিথ্যা মামলায় আদালত থেকে জামিন নেওয়ার জন্য পুলিশ চাপ দিচ্ছে। অন্যথায় পুলিশের সামনে যেতে নিষেধ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জগলুল ইসলাম।
জগলুল ইসলাম বলেন, ‘ধর্ষণের ঘটনা সঠিক। কিন্তু ওই ছাত্রীর বাবা ও বোনসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা সত্য-মিথ্যা যা-ই হোক, আদালত থেকে তাঁদের জামিন নিতে হবে।’
এ ব্যাপারে জুয়েলের বাবা মোকলেছার রহমান বলেন, ‘জুয়েল রানা ছেলে মানুষ, ভুল করেছে। ওর সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দিতে বলেছিলাম। কিন্তু তা না করে ছেলেটাক মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে। এ জন্য ওদের নামে মামলা করেছি। আমি মামলা তুলি নিতে কাউকে হুমকি দিইনি।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Md. Khairul Islam

Md. Khairul Islam

২০১৩.০১.৩১ ১০:৫২
জুয়েলের বাবা ধরে গন ধলাি দিতে হবে, মানুস কি শব অমানুস হয়ে গেসে , আর পলিশ ত মানুশ আর নাি