চট্টগ্রামে হরতাল আধা বেলা

ট্রাকে ও টায়ারে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

হরতাল সামনে রেখে গতকাল বুধবার একটি ট্রাক ও কয়েকটি স্থানে টায়ারে আগুন দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এদিকে বিপিএলের খেলা থাকায় চট্টগ্রাম নগরে আধা বেলা হরতাল পালনের ঘোষণা দিয়েছে নগর জামায়াত।
নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের মাঠে খেলা অনুষ্ঠিত হবে। বিপিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের অনুরোধ জানানো হয়েছে। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা আধা বেলা হরতাল পালনের সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে গতকাল দুপুর থেকেই নগরের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। পরে বিকেলে নগরের জামালখান, গোলপাহাড়, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় টায়ারে আগুন দেন হরতাল-সমর্থকেরা। টায়ারে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, সন্ধ্যায় নগরের আগ্রাবাদ এলাকায় বিপণিকেন্দ্র লাকী প্লাজার সামনে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান হরতাল-সমর্থকেরা। নগরের আসকার দীঘিরপাড় ও নিমতলা এলাকায় পুলিশের তাড়া খেয়ে সরে পড়েন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের ব্যারিস্টার সুলতান আহমদ কলেজের সামনের সড়কে একটি ট্রাকে আগুন দেন হরতাল-সমর্থকেরা। ফায়ার সার্ভিস অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত পৌনে নয়টার দিকে নগরের কোতোয়ালি থানার চকবাজার তেলিপট্টির মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে ও পটকা ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করেন হরতাল-সমর্থকেরা। চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর এলাকার উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বলেন, সন্ধ্যায় চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় ট্রাকে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো সমস্যার সৃষ্টি হয়নি। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শহীদুল্লাহ বলেন, তেলিপট্টি এলাকায় হরতাল-সমর্থকেরা একটি টায়ার জ্বালায় ও কয়েকটি পটকা ফাটায়। এতে স্থানীয় লোকজন কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন