দুই পক্ষের বিরোধে আ.লীগের ইউনিট সম্মেলন পণ্ড
সভাপতি পদপ্রার্থী দুই নেতার অনুসারীদের দ্বন্দ্বের কারণে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের একটি ইউনিটের সম্মেলন পণ্ড হয়ে গেছে। গতকাল বুধবার বিকেলে নগরের হালিশহর এ ব্লকের নির্মাণাধীন ‘বঙ্গবন্ধু মাতৃসদন’ ভবনে সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
দলীয় সূত্র জানায়, দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের হালিশহর আবাসিক এলাকার মোট ছয়টি ব্লক নিয়ে ৪ নম্বর ইউনিট। এই ইউনিটের সভাপতি পদপ্রার্থী দুজন হলেন হুমায়ন কবির ও এমদাদুল হক ভুঁইয়া।
হুমায়ন কবির প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। কিছুক্ষণ পর এমদাদুলের অনুসারীরা ব্যানারসহ মিছিল নিয়ে সম্মেলনকক্ষে প্রবেশের চেষ্টা করেন। এ সময় স্লোগান-পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সম্মেলন স্থগিত করা হয়।
অন্যদিকে এমদাদুল বলেন, হুমায়ন কবির কয়েক দিন আগে সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে তাঁকে জানান। কিন্তু গত রাতে তিনি আবার প্রার্থিতা ঘোষণা করেন। তাঁর অনুসারী ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা সম্মেলনকক্ষ আগে থেকে দখল করে রাখায় আওয়ামী লীগের নেতারা সেখানে ঢুকতে পারেননি। এতেই বিরোধ শুরু হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সমঝোতার চেষ্টা করেছিলাম। পরিস্থিতি খারাপ দেখে সম্মেলন স্থগিত করতে বাধ্য হয়েছি এবং ইউনিটের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছি।’
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






