নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ৬৫তম মৃত্যুবার্ষিকী পালিত
নোয়াখালীর সোনাইমুড়ীতে গতকাল বুধবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাত্মা গান্ধীর ৬৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার জয়াগে গান্ধী আশ্রম ট্রাস্ট প্রাঙ্গণে ‘গান্ধীজির আদর্শ ও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা ও সংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে গান্ধীর বেদিতে পুষ্পমাল্য অর্পণ ও প্রদীপ প্রজ্বালন করেন ট্রাস্টের সচিব ঝর্ণা ধারা চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম। পরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টধর্মের বাণী পাঠ করে মূল অনুষ্ঠান শুরু হয়।
ঝর্ণা ধারা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও হাসিনা বেগম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন: জয়াগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুব আলম, বেসরকারি সংগঠন এনআরডিএসের প্রধান সমন্বয়ক আবদুল আউয়াল, অধ্যাপক রমনাথ সেন ও বিমলেন্দু মজুমদার, সুশাসন ও মানবাধিকার কমিটি বেগমগঞ্জের সভাপতি আবদুল জলিল। বক্তারা গান্ধীর কর্মময় জীবন ও আত্মত্যাগ এবং বিশ্বজুড়ে সামাজিক সহিংসতা রোধে তাঁর মতাদর্শের ওপর গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
আলোচনা শেষে গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউটের পক্ষ থেকে গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






