‘সহিষ্ণুতার অভাবই এখন বড় সংকট’

নিজস্ব প্রতিবেদক, ফেনী | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

দেশে রাজনৈতিক সহিষ্ণুতার এখন বড়ই অভাব। পানিতে অক্সিজেন ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি পরমতসহিষ্ণুতা ও স্বাধীন গণমাধ্যম না থাকলে গণতন্ত্র টিকে থাকতে পারে না।
গতকাল বুধবার ফেনী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তারা এভাবেই তাঁদের মত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, ‘সহিষ্ণুতার অভাবই এখন বড় সংকট।’ তিনি বাংলাদেশের অফুরন্ত সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, দেশের জনগণের কর্মক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের চেহারাই পাল্টে যাবে।
অনুষ্ঠানে বক্তারা প্রবীণ সাংবাদিক এবিএম মূসাকে স্বাধীনতাবিরোধী আখ্যায়িত করে তাঁর সম্পর্কে আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের আপত্তিকর বক্তব্য দেওয়ার নিন্দা জানান। তাঁরা প্রশ্ন তোলেন, তবে কি বঙ্গবন্ধু ১৯৭৩ সালে একজন স্বাধীনতাবিরোধীকে এমপি বানিয়েছিলেন? এ ছাড়া বক্তারা সাংবাদিক টিপু সুলতান নির্যাতন মামলাকে রাজনৈতিক মামলা বিবেচনা করে প্রত্যাহারের সিদ্ধান্তের নিন্দা জানান। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল না হলে আন্দোলনের নতুন কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন ফেনীর সাংবাদিকেরা। ফেনী-২ আসনের সাংসদ জয়নাল আবদিন সাংবাদিক এবিএম মূসাকে নিয়ে কটূক্তি করার জন্য মাহবুব উল আলম হানিফকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘ফেনী এখন সন্ত্রাস ও গডফাদার মুক্ত।’ ফেনী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মীর হোসেনের সভাপতিত্বে ক্লাব মিলনায়তনে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আরিফ, প্রেসক্লাবের বিদায়ী সভাপতি নুরুল করিম মজুমদার, প্রথম আলোর উপপ্রধান প্রতিবেদক টিপু সুলতান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বখতেয়ার ইসলাম।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন