নিয়মিত ক্লাস না হওয়ায় বিদ্যালয়ে গ্রামবাসীর তালা

ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকেরা নিয়মিত পাঠদান (ক্লাস) না করায় এলাকাবাসী বিদ্যালয়টিতে তালা ঝুলিয়ে দিয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বছর শিক্ষার্থী ছিল ৭১ জন। এ বছর তা কমে হয়েছে ৬১ জন। প্রধান শিক্ষকের পদটি দীর্ঘদিন ধরে শূন্য। শিক্ষক রয়েছেন মাত্র দুজন। এর মধ্যে সহকারী শিক্ষক সীমা রানী তালুকদার ২০০৬ সালে এবং রিপা সরকার ২০১১ সালে বিদ্যালয়ে যোগ দেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সহকারী শিক্ষক রিপা সরকার এক মাস ধরে সপ্তাহে দুই দিন বিদ্যালয়ে হাজিরা দিয়ে দুপুর একটা পর্যন্ত ক্লাস নিচ্ছেন। আরেক শিক্ষক গত তিন মাসে বিদ্যালয়ে মাত্র চার দিন উপস্থিত ছিলেন। তাঁদের এমন খামখেয়ালির কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে গেছে। তাই এ বছর কয়েকজন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে ভর্তি হয়েছে। এতে ক্ষুব্ধ গ্রামবাসী গতকাল বুধবার সকালে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, খোঁজ নিয়ে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন