প্রশিক্ষণকেন্দ্রে আগুন, গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, সাভার | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় সিঙ্গাপুর পাইলিং সাউথ পয়েন্ট স্কিল সেন্টারে গতকাল বুধবার রাতে আগুন ধরিয়ে দেন প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীরা। এ সময় তাঁরা ২০-২৫টি যানবাহন ভাঙচুর করেন।
ওই স্কিল সেন্টারে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সিঙ্গাপুরে পাঠানো হয়। প্রতিষ্ঠানের নিরাপত্তা তত্ত্বাবধায়ক রেজাউল করিম জানান, প্রতি ধাপে প্রশিক্ষণ শেষে ৪৫ জন করে প্রশিক্ষণার্থীকে সিঙ্গাপুরে পাঠানো হতো। কিন্তু গত নভেম্বর থেকে ২৫ জন করে পাঠানো হচ্ছে। এ নিয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে গতকাল রাত নয়টার দিকে প্রশিক্ষণার্থীরা আধা পাকা আবাসিক ভবনে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন তিনটি প্রশিক্ষণার্থী নিবাস, দুটি প্রশিক্ষণকেন্দ্র ও মূল কার্যালয়ে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ডিইপিজেড এলাকার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে প্রশিক্ষণার্থীরা ক্ষুব্ধ গিয়ে তাদের ওপর হামলা চালান এবং ফায়ার সার্ভিসের গাড়িতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ এসে প্রশিক্ষণার্থীদের ধাওয়া করলে তাঁরা ২০-২৫টি যানবাহন ভাঙচুর করেন। পরে অতিরিক্ত পুলিশ এসে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় পাঁচ-সাতজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন তাঁদের গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আশুলিয়ার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল রাত ১২টার দিকে জানান, ওই ঘটনায় এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন