নবীনগরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ওয়ারুক গ্রামে গতকাল বুধবার রাতে আবুল হাশেম মোল্লা (৫০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তাঁর গায়ে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে ছেলেরা কুপিয়ে তাঁকে হত্যা করেছে। তিনি সার ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে আবুল হাশেমের বাড়িতে প্রচণ্ড হইচই শোনা যায়। আশপাশের লোকজন ওই বাড়িতে গিয়ে আবুল হাশেমের রক্তাক্ত লাশ মাটিতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে শিবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিবপুর পুলিশ ফাঁড়ির কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মোরশেদ ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে আবুল হাশেমের তিন ছেলে তাঁকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পর থেকে তিন ছেলে পলাতক। লাশের পাশে এক ছেলের মুঠোফোন পাওয়া গেছে।’
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন