সূচক বেড়েছে দুই বাজারেই

অনলাইন প্রতিবেদক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা অর্ধদিবস হরতালে আজ বৃহস্পতিবার স্বাভাবিক লেনদেন চলে দেশের শেয়ারবাজারে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে ডিএসইতে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইর ডিএসইএক্স সূচক ৯.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪১৩৬। একই সঙ্গে সাধারণ সূচক ৩ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়েছে। লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও পরে একাধিকবার ওঠানামা করে সূচক।
এর আগে নির্ধারিত সময়, অর্থাত্ সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয় বলে জানান ডিএসইর জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান।
ডিএসইর পাশাপাশি সিএসইতে যথাসময়ে লেনদেন শুরু হয়। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৯২৯।
আজ ডিএসইতে মোট ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৫টির দাম বেড়েছে; কমেছে ৭২টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ এই স্টক এক্সচেঞ্জে ২৯৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১ কোটি টাকা বেশি।
অন্যদিকে, সিএসইতে আজ ১৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ৯১টির দাম বেড়েছে; কমেছে ৬৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ এই স্টক এক্সচেঞ্জে ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা কম।
দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: সানলাইফ ইনস্যুরেন্স, ইউনাইটেড এয়ার, সায়হাম কটন, পূবালী ব্যাংক, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, তাল্লু স্পিনিং, জেনারেশন নেক্সট ফ্যাশন, ডেল্টা স্পিনিং ও সায়হাম টেক্সটাইল।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
২০১৩.০১.৩১ ১৫:০১
ঢাকায় হরতাল আধাবেলা ডাকা হয়েছে শুধু শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সুবিধার্থে। কারণ তাদের কাছ থেকে ইতিমধ্যে হাজার কোটি টাকা লুটে নেওয়া হয়েছে।