উত্তরায় গৃহকর্মী শিশুর লাশ উদ্ধার
রাজধানীর উত্তরা থেকে গতকাল বুধবার রাতে এক গৃহকর্মী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির (৯) গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শিশুটির গ্রামের বাড়ি কুমিল্লায়। পুলিশের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ অভিযোগে বাসার গৃহকর্তা খাদেমুল বাশার (৩৪), তাঁর শ্যালক জুবায়েদ হোসেন (১৮), তাঁদের দুই সহযোগী কামরুল হাসান ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা আবু মিয়া প্রথম আলো ডটকমকে জানান, মেয়েটি উত্তরার ৭ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ৬ নম্বর বাসার দোতলায় খাদেমুল বাশারের ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করত। গতকাল রাত নয়টার দিকে খাদেমুল বাশার, তাঁর স্ত্রী সানজিদা আক্তার তাঁদের দুই পরিচিত ব্যক্তি কামরুল হাসান ও রফিকুল ইসলামের সহযোগিতায় মেয়েটিকে মৃত অবস্থায় উত্তরার ৩ নম্বর সেক্টরের ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যান। এ সময় তাঁরা কর্তব্যরত চিকিত্সকদের বলেন, মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
এসআই আবু মিয়ার ভাষ্য, ‘ঘটনাস্থলে যাওয়ার পর আমাদের জানানো হয়, মেয়েটি গৃহকর্তা খাদেমুল বাশারের শ্যালক জুবায়েদ হোসেনের কক্ষে আত্মহত্যা করেছে। তবে ক্রিসেন্ট হাসপাতালের চিকিত্সকেরা আমাদের জানিয়েছেন, মেয়েটিকে কোথাও বসিয়ে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলা হয়। এ ছাড়া মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাই পুরো ঘটনা তদন্তের প্রয়োজনে আমরা চারজনকে গ্রেপ্তার করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পুরো ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
শিশুটির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কুমিল্লা থেকে মেয়েটির কোনো অভিভাবক এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকায় আসেননি বলে জানান আবু মিয়া।







mahmud shadiq
২০১৩.০১.৩১ ১৪:৫৬mahfuza bulbul
২০১৩.০১.৩১ ১৫:১০Sultana
২০১৩.০১.৩১ ১৫:৩৯