ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তন ৪ মার্চ, বক্তা প্রণব মুখার্জি
এমন হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে আবারও মুখরিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গন।
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৭তম সমাবর্তন আগামী ৪ মার্চ সোমবার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তনে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলো ডটকমকে বলেন, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রণব মুখার্জিকে সমাবর্তন বক্তা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি দেওয়া হবে। আগামী ৪ মার্চ বেলা সাড়ে ১১টায় সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, ৪৬তম সমাবর্তনের পর স্নাতক, স্নাতকোত্তর পর্যায়ের যেসব শিক্ষার্থীর পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, তাঁরাই এ সমাবর্তনে অংশ নিতে পারবেন। তবে এ বিষয়ে আরও বিস্তারিত গণমাধ্যমে বিজ্ঞাপন আকারে জানানো হবে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৪৭তম সমাবর্তনের ফরম পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে সংগ্রহ করা যাবে। এরপর সাধারণ ও পদক পাওয়া গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার টাকা এবং এমবিবিএস, বিডিএসসহ অন্য গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশন ফি বাবদ দুই হাজার টাকা আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে জনতা ব্যাংকে জমা দিতে হবে। তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি ফরমের সঙ্গে যুক্ত করে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।
আগামী ১ মার্চ থেকে ৩ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ছাত্র-শিক্ষককেন্দ্র থেকে সমাবর্তনের আমন্ত্রণপত্র ও কস্টিউম সংগ্রহ করা যাবে। গ্র্যাজুয়েটদের কেউ মূল সনদ সংগ্রহ করে থাকলে তা পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিয়ে সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






