বিশ্ব অর্থনীতি

ইউরোপের ব্যাংকগুলোকে দ্রুত ঋণ পরিশোধের তাগিদ দিল ইসিবি

অর্থ ও বাণিজ্য ডেস্ক | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) কাছ থেকে ইউরো অঞ্চলের যেসব ব্যাংক সস্তায় বা কম সুদে ঋণ নিয়েছে, তাদের দ্রুত তা পরিশোধ করতে হবে।
ইউরো অঞ্চলের ২৭৮টি ব্যাংককে এখন ইসিবির পাওনা ১৩ হাজার ৭১৬ কোটি ইউরোর (১৮ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার) ঋণ পরিশোধ করতে হবে। ওই অঞ্চলে ঋণ-সংকটের সময়ে ব্যাংকগুলো বিপর্যয়ের আশঙ্কায় এ ঋণ নিয়েছিল।
ইসিবি বলেছে, ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১২ সালের ফেব্রুয়ারির মধ্যে নেওয়া এই ঋণ ৩০ জানুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে। খবর বিবিসির।
তবে ইসিবি স্বল্প সুদে মোট ঋণ দিয়েছিল এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ইউরো। ২০১২ সালের ফেব্রুয়ারিতে বৃহত্তর বা ২৭ জাতির ইউরোপীয় ইউনিয়নের ৮০০ ব্যাংককে ৫৩ হাজার ইউরো ঋণ দেয়। ২০১১ সালের ডিসেম্বরে ৪৮ হাজার ৯০০ কোটি ইউরো ঋণ দেয় ইসিবি। ওই ঋণই আগে পরিশোধের তাগিদ দিয়েছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকটি।
সংকটের কারণে গ্রিসকে দুই দফায় আন্তর্জাতিক পুনরুদ্ধার সহায়তার আওতায় বিপুল অঙ্কের ঋণ নিতে হয়েছে। একই ভাবে স্পেন ও ইতালিকেও আন্তর্জাতিক সহায়তা নিতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইসিবির প্রধান মারিও দ্রাঘি গত শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে বলেন, ইউরোপের ১৭ জাতির সমন্বয়ে গঠিত ইউরো অঞ্চলে একক মুদ্রা ইউরোর কার্যকর পুনঃপ্রবর্তন হয় ২০১২ সালে, যা ১৯৯৯ সালে চালু হয়।
মারিও দ্রাঘি আরও বলেন, ‘আমরা এখনো অর্থনীতির সর্বক্ষেত্রে সমানভাবে গতিশীলতা দেখতে পারছি না। সে জন্য আমাদের আরও অনেক কাজ করতে হবে।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন