সংস্কৃতি সংবাদ
শ্রুতি অঙ্গনের পথচলা শুরু
শাস্ত্রীয় ও নজরুলসংগীতের প্রচার-প্রসারের অঙ্গীকার এবং উচ্চাঙ্গসংগীতের আসর দিয়ে শুরু হলো ‘শ্রুতি অঙ্গন বাংলাদেশ-এর পথচলা। ১৮ জানুয়ারি নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ওস্তাদ মিহির নন্দী। তিনি বর্তমান অসুস্থ সংস্কৃতির যুগে শুদ্ধ সংগীত নিয়ে এগিয়ে চলার লক্ষ্যে শ্রুতি অঙ্গনের কার্যক্রমকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সেতারবাদক ওস্তাদ সত্যজিৎ চক্রবর্তী। তিনি তাঁর বক্তব্যে প্রয়াত পণ্ডিত রবিশঙ্করের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সংগীত জগতে নিজের স্থান করে নিতে হলে শ্রুতি অঙ্গনের সদস্যদের একনিষ্ঠভাবে সাধনা করে যেতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক প্রদীপ কুমার চক্রবর্তী।
দ্বিতীয় পর্বের শুরুতে মধুবন্তী রাগে খেয়াল পরিবেশন করেন লিটন দাশ। তবলায় সহযোগিতা করেন সুশান্ত কর চৌধুরী, হারমোনিয়ামে তাপস দত্ত। সেতারে রাগ কিরোয়ানি বাজিয়ে সুরের ঝংকার তোলেন প্রদীপ কুমার চক্রবর্তী। তাঁকে তবলায় সহযোগিতা করেন অরুণ নাথ। এরপর ত্রিতালে তবলা লহড়া পরিবেশন করেন পাভেল বড়ুয়া। তাঁকে নাগমা বাজিয়ে সহযোগিতা করেন পরাগ বড়ুয়া।
সব শেষে সংগীত পরিবেশন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয়সংগীতে স্নাতকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান পাওয়া চট্টগ্রামের সন্তান তাপস দত্ত। তাঁর ‘যোগ’ রাগে বিলম্বিত ও দ্রুত তিনতাল পরিবেশনের সময় শ্রোতাদের মাঝে পিনপতন নীরবতা নেমে আসে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন