এই নগরে - দূর গ্রামে

| তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

স্মরণসভায় ডেপুটি স্পিকার
মুক্তিযুদ্ধের সোপান তৈরি করেছিলেন এম এ আজিজ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার (কর্নেল অব.) শওকত আলী বলেছেন, রাজনৈতিক নেতারা মহান ও দেশপ্রেমিক ব্যক্তি। তাঁরা লক্ষ্য স্থির করে সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করেন। বঙ্গবন্ধু ও তাঁর সহকর্মী এম এ আজিজ এ লক্ষ্যে কাজ করে গেছেন।
তিনি বলেন, এম এ আজিজ স্বাধীনতা যুদ্ধ দেখে যেতে না পারলেও মুক্তিযুদ্ধের সোপান ও কর্মী তৈরি করে গেছেন। শত প্রতিকূলতা সত্ত্বেও দেশের অগ্রগতি এবং স্বাধীনতার সুফল প্রতিষ্ঠার জন্য প্রত্যয়’৭১-এর সদস্যদের এম এ আজিজের আদর্শ অনুসরণ করতে হবে। এ জন্য প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ।
শওকত আলী গত বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের প্রয়াত নেতা এম এ আজিজের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রত্যয়’৭১-এর উপদেষ্টা অনুপম সেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. ইছহাক মিয়া, সাবেক গণপরিষদ সদস্য আবু ছালেহ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইনামুল হক, ডেপুটি স্পিকারের সহধর্মিণী মাজেদা শওকত, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, আওয়ামী লীগের নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ও মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র বণিক।
বক্তব্য দেন চকরিয়ার সাবেক গণপরিষদ সদস্য শামসুদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ, পরিতোষ বড়ুয়া, কমিউনিস্ট পার্টির অশোক সাহা, প্রত্যয়’৭১-এর সভাপতি সাইফুদ্দিন খালেদ, জ্যেষ্ঠ সহসভাপতি দীপঙ্কর চৌধুরী, শামসুদ্দিন খালেদ, মুহাম্মদ শামসুল হক, শওকত বাঙালি, মো. ইমরান মিয়া চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লুবনা হারুন। —আলোকিত প্রতিবেদক

শরীফুন্নেছা নজিরউদ্দিন উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
চন্দনাইশের ফতেনগর শরীফুন্নেছা নজিরউদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। ভিত্তিফলক উন্মোচন করেন বিদ্যালয়ের দাতাসদস্য জিয়াউদ্দিন আদিল। আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সামসুদ্দিন সিদ্দিকী, জোয়ারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহমদ হোসেন, শাহজাহান খালেদ, গোলাম আজাদ, আহসান ইউসুফ প্রমুখ।
উল্লেখ্য, চন্দনাইশ উপজেলায় মুক্তিযুদ্ধের পর নারীশিক্ষার প্রসারে অ্যাডভোকেট বদিউল আলম নিজ উদ্যোগে ১৯৭৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিজ্ঞপ্তি।

বাংলাদেশ ছাত্র মৈত্রীর সমাবেশ
যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও ফাঁসি এবং জামায়াত-শিবিরসহ মৌলবাদী, জঙ্গিবাদী রাজনীতি আইন করে নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশ ছাত্র মৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ২০ জানুয়ারি বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র মৈত্রী চট্টগ্রাম জেলা সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন যুব মৈত্রী চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক কায়সার আলম, ছাত্র মৈত্রী চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক আশীষ ভৌমিক, যুব মৈত্রী চট্টগ্রাম জেলা সহসভাপতি শিবু দাশ, সাবেক ছাত্রনেতা খোকন মিয়া, তথ্যপ্রযুক্তি সম্পাদক অভিজিৎ দাশ, ছাত্র মৈত্রী চট্টগ্রাম জেলা সহসভাপতি শিবলী সাদিক, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন, প্রচার সম্পাদক সঞ্জয় দেব, সমাজকল্যাণ সম্পাদক নোবেল, স্কুলবিষয়ক সম্পাদক রাজন কান্তি ধর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট আজ যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু লাখো শহীদের আত্মত্যাগে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা নতুন প্রজন্ম কখনো তা হতে দেবে না।
নেতারা বলেন, দেশকে অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে আজ ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে এবং দেশে জামায়াত-শিবির মৌলবাদী চক্রের ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রসমাজকে জোরদার আন্দোলনে ছাত্র মৈত্রীকে নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লায় মৌলবাদ-সাম্প্রদায়িকতাবিরোধী ছাত্র ব্রিগেড গড়ে তুলতে হবে। বিজ্ঞপ্তি

প্রবীণ হকার আনোয়ার আলীকে সম্মাননা জানাল হকার সমিতি
দীর্ঘ ৪১ বছর ধরে পেশার সঙ্গে জড়িত সংবাদপত্র হকার আনোয়ার আলী সিকদারকে সম্মাননা জানাল চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি।
গত শনিবার সন্ধ্যায় নগরের একটি সামাজিককেন্দ্রে (কমিউনিটি সেন্টার) সমিতির সভাপতি ওবায়দুল হক মজুমদারের সভাপতিত্বে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন আনোয়ার আলী সিকদারের হাতে সম্মাননা, চেক ও উত্তরীয় তুলে দেন।
সমিতির সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক অঞ্জন কুমার, রিয়াজ হায়দার, আওয়ামী লীগের নেতা খোরশেদ আলম ও সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক মনির আহম্মদ।
হকার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা খোকন, দাউদুল ইসলাম, রইচ মিঞা, জয়নাল আবেদীন প্রমুখ। বিজ্ঞপ্তি।

ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে কুড়িগ্রামে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ১৮ জানুয়ারি হাতিয়া ইউনিয়নে ৭৪০টি কম্বল বিতরণ করেন সংগঠনের সদস্যরা। এ ছাড়া বিনা মূল্যে চিকিৎসাসেবাও দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সামসাদ হোসেন, সুলতান মাহমুদ, রহিসুল আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।

চন্দনাইশে মাওলানা আবদুস সালাম স্মৃতি বৃত্তি প্রদান
চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ায় মাওলানা আবদুস সালাম স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০ জানুয়ারি সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক আবদুল হাই চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক জামাল উদ্দিন আহমদ। প্রধান আলোচক ছিলেন স্থানীয় সমাজসেবক কুতুব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা, আশরাফুল আলম সিরাজি, মো. আবুল হাশেম, আবুল মনসুর, আবদুর রাজ্জাক, হোসেন সোহরাওয়ার্দী প্রমুখ।
বক্তব্য দেন আজিজুল চৌধুরী, অজিত কান্তি দে, আবু বকর সিদ্দিক, নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বৃত্তি পাওয়াদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।

ত্রিতরঙ্গের শীতবস্ত্র বিতরণ
সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন ত্রিতরঙ্গের উদ্যোগে মাসব্যাপী শীতার্ত ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলছে। ১৮ জানুয়ারি সকালে নাসিরাবাদে সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, ফোর এইচ গ্রুপের পরিচালক শহীদুল ইসলাম, সংগঠনের মহাসচিব শাওন পান্থ, অর্থসচিব জিয়াউদ্দিন চৌধুরী, নির্বাহী সদস্য অনুজ দেব, কর্মসূচির সমন্বয়কারী মাহবুবুল আলম, নাসিমা আক্তার ডেইজি প্রমুখ। বিজ্ঞপ্তি।

সাংবাদিক নির্মল সেন স্মরণে আজ সভা
মুক্তবুদ্ধি আন্দোলনের অন্যতম পথিকৃৎ পুরুষ সাংবাদিক নির্মল সেন স্মরণে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আজ রোববার সকাল ১০টায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সব সদস্যকে উপস্থিত থাকার জন্য আয়োজকেরা অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি

মহিলা পরিষদের প্রতিবাদ সভা আজ
বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আজ রোববার বিকেল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শহীদজায়া ও ভগিনি বেগম মুশতারি শফী উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন