আবারও দেশজুড়ে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

দেশে আবার শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। রাজধানীসহ দেশজুড়ে আবারও বইছে শৈত্যপ্রবাহ। এক সপ্তাহের বিরতি দিয়ে শুরু হওয়া এ শৈত্যপ্রবাহে উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
আবহাওয়া বিভাগ বলেছে, ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে আসা হিমেল হাওয়া দেশের বেশির ভাগ এলাকায় ছড়িয়ে পড়েছে। ঊর্ধ্বাকাশের দুরন্ত হাওয়া ভূপৃষ্ঠের ২৪ হাজার ফুট ওপর থেকে ১৮ হাজার ফুটে নেমে এসেছে। এর প্রভাবে উত্তরে শীতল হাওয়া দেশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ফলে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বেড়েছে।
দুই দিন ধরে চলা নতুন দফা শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে নৌচলাচলও বিপর্যস্ত হয়ে পড়েছে।
গতকাল শনিবার আবহাওয়া বিভাগ বলেছে, আরও দু-এক দিন এই শৈত্যপ্রবাহ চলবে। গতকালের মতো আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। শৈত্যপ্রবাহের তীব্রতা দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বেশি থাকবে। অন্যান্য অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী ও ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৪ ও ৫ দশমিক ৫ ডিগ্রি।
আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় এবং উত্তর ও উত্তর-পশ্চিমাংশে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন