টি-টোয়েন্টি
জয়ে শুরু শ্রীলঙ্কার
শ্রীলঙ্কার জয় নিশ্চিত করে সঙ্গী থিসারা পেরেরাকে নিয়ে মাঠ ছাড়ছেন অ্যাঞ্জেলো ম্যাথুস
ওময়বসাইট
অস্ট্রেলিয়ার জাতীয় দিবসের দিন সিডনি ক্রিকেট গ্রাউন্ড ছিল দর্শকে টইটম্বুর। কিন্তু এই ভরা এমসিজিতে কাল উত্সব করল শ্রীলঙ্কা। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছে ৫ উইকেটে।
সিডনির মন্থর উইকেটে বল ব্যাটে আসছিল দেরিতে, এটি অনেকটাই উপমহাদেশের প্রথাগত উইকেটের মতো। সুবিধা তুলেছেন শ্রীলঙ্কান বোলাররা। তবে এই উইকেটেই দারুণ হিসাবি বোলিং করেছেন কুলাসেকারা ও মালিঙ্গা। বিফলে গেছে ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত ইনিংস। তিন ছয় ও পাঁচ চারে ৬২ বলে শেষ পর্যন্ত ৯০ রান করে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। কিন্তু অন্য প্রান্তে তেমন সাহচর্য না পাওয়ায় রানের চাকা সচল হয়নি। ২০ ওভারে ১৩৭ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। অথচ উইকেট পড়েছে মোটে তিনটি।
১৩৮ রানের লক্ষ্যে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা তুলে ফেলে ৪৫ রান। এরপরই যেন হঠাত্ মড়ক লাগে লঙ্কান শিবিরে। দেখতে না-দেখতে ৬৯ রানেই ৪ উইকেট নেই! শেষ ৯ ওভারে দরকার ছিল ৬৮ রান, থিরিমান্নে ও ম্যাথুস তখনো থিতু হননি। থিরিমান্নে ২০ রান করে আউট হয়ে গেলেও ম্যাথুস মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েই। তবে আলাদা করে বলতে হয় থিসারা পেরেরার নাম, লাফলিনের বলে পরপর দুটি ছক্কা মেরে তিনিই দলকে জিতিয়েছেন সাত বল বাকি থাকতেই! একটা সান্ত্বনা অবশ্য অস্ট্রেলিয়া পেয়েছে, ওয়ার্নার হয়েছেন ম্যাচসেরা। ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৩৭/৩ (ওয়ার্নার ৯০*, ফিঞ্চ ১, মার্শ ৬, বেইলি ১১, ভোজেস ২৫*; কুলাসেকারা ১/২১, পেরেরা ১/২৯)। শ্রীলঙ্কা: ১৮.৫ ওভারে ১৩৯/৫ (কুশল ৩৩, দিলশান ১৬, জয়াবর্ধনে ৮, চান্ডিমাল ৫, ম্যাথুস ৩৫*, থিরিমান্নে ২০, থিসারা ১৯*; ডোহার্টি ২/২১, স্টার্ক ১/১৯, ম্যাক্সওয়েল ২/১৫)।
ফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ওয়ার্নার।








সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন