ক্যাসিয়াস ও রামোস বলেছেন, মরিনহোকে বরখাস্তের জন্য তাঁরা কোনো চরমপত্র দেননি
রিয়ালকে জড়িয়ে মিথ্যা কিংবা সত্য
প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই খবরটিকে উড়িয়ে দিয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। মার্কার খবরটিকে ‘মিথ্যা’ আখ্যায়িত করে রিয়াল মাদ্রিদ সভাপতি বলেছেন, খেলোয়াড়েরা কোচ হোসে মরিনহোকে বরখাস্ত করার আবেদন জানাননি। সভাপতির সঙ্গে সুর মিলিয়ে ইকার ক্যাসিয়াস এবং সার্জিও রামোসও অস্বীকার করলেন। গত বৃহস্পতিবার দুজনই একসঙ্গে বলেছেন, আগামী মৌসুমের আগেই মরিনহোকে বরখাস্তের জন্য তাঁরা কোনো চরমপত্র দেননি।
রিয়ালের ড্রেসিংরুমে কোচ-খেলোয়াড়দের দ্বন্দ্বের খবর সংবাদমাধ্যম দিয়ে আসছে অনেক আগে থেকেই। সম্প্রতি অধিনায়ক ক্যাসিয়াসকে একাদশের বাইরে রাখার ঘটনায় এটি পায় অন্য মাত্রা। এরই মধ্যে রিয়াল-ঘনিষ্ঠ স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা খবর ছাপে, ক্যাসিয়াস ও রামোস ক্লাব কর্তৃপক্ষের কাছে কোচ মরিনহোকে বরখাস্তের জন্য চরমপত্র দিয়েছেন। সম্প্রতি ক্যাসিয়াস-রামোসের সঙ্গে এক বৈঠক করেছেন সভাপতি পেরেজ ও ক্লাবের মহাপরিচালক হোসে অ্যাঙ্গেল সানচেজ। পত্রিকাটির দাবি, ওই বৈঠকে ক্যাসিয়াস-রামোস সভাপতিকে স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ‘হয় মরিনহো থাকবে, নয়তো আমরা।’ রিয়ালেরই এক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ক্যাসিয়াস-রামোস এমনটাও বলেছেন, মরিনহো থাকলে রিয়ালের অনেক খেলোয়াড়ই ক্লাব ছাড়বেন।
রিয়ালের অলিখিত মুখপাত্র হিসেবে পরিচিত মার্কার খবর বলে একটু নড়েচড়ে বসার অবকাশ থাকেই। কিন্তু পরদিনই সংবাদ সম্মেলন করে রিয়াল সভাপতি বলেন, ‘প্রকাশিত সংবাদটি পুরোপুরি মিথ্যা।’ পেরেজ এই অপপ্রচারকে ক্লাবকে ‘অশান্ত’ করার একটা অপচেষ্টাও বলেছেন, ‘সভায় আমরা খেলোয়াড়দের বিভিন্ন প্রতিযোগিতার জন্য বোনাস দিতে রাজি হয়েছি। এ সভায় কোনো আল্টিমেটাম পাওয়ার কথাটি সম্পূর্ণই মিথ্যা।’
পেরেজের এই বক্তব্যের জবাবে গত বৃহস্পতিবার আবার ‘মার্কা মিথ্যা বলেনি’ শিরোনামে প্রথম পাতায় খবর ছাপে মার্কা। কিন্তু ওই দিনই সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেন ক্যাসিয়াস-রামোস। বলেছেন, ‘আমাদের কোচকে নিয়ে আমরা কোনো আল্টিমেটাম দিইনি। আমাদের কাছ থেকে সর্বোচ্চ সম্মান যাঁর প্রাপ্য সেই কোচ হোসে মরিনহোকে আমাদের সমর্থন জানাতে চাই।’
সত্য হোক আর মিথ্যা, এমন একটা ঘটনা রিয়ালের ড্রেসিংরুমকে নতুন করে উত্তপ্ত করে তুলল কি না, সেই প্রশ্ন থাকছেই। এরই মধ্যে মরিনহোর দলকে আবার নিতে হচ্ছে মাঠে নামার প্রস্তুতি। আজই বার্নাব্যুতে গেটাফের বিপক্ষে ম্যাচ তাদের। এএফপি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন








সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন