আলমডাঙ্গায় পাওনা টাকা আনতে গিয়ে ব্যবসায়ী খুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাওনা টাকা আনতে গিয়ে নুর ইসলাম (৫০) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির বাড়ি পার্শ্ববর্তী নওদা বন্ডবিল গ্রামে।
এ ঘটনায় নিহত ব্যবসায়ীর স্ত্রী মিলি খাতুন গতকাল শনিবার আলমডাঙ্গা থানায় খুনের মামলা করেছেন। মামলায় গোবিন্দপুর গ্রামের কাঠ ব্যবসায়ী লিটন হোসেনসহ তিনজনকে আসামি করা হয়েছে।
মিলি খাতুন জানান, তাঁর স্বামী গোবিন্দপুরের কাঠ ব্যবসায়ী লিটন হোসেনের কাছে দুই লাখ ৮০ হাজার টাকা পাওনা আছেন। তাঁর স্বামী কয়েক মাস ধরে লিটনের কাছে পাওনা টাকা চাইলেও তিনি তা দিচ্ছেন না।
গত শুক্রবার বিকেলে লিটন পাওনা টাকা শোধ করার কথা বলে নুর ইসলামকে মুঠোফোনে তাঁর বাড়িতে ডেকে নেন। রাত ১২টার দিকে প্রতিবেশীদের কাছ থেকে তিনি জানতে পারেন লিটনের বাড়িতে তাঁর স্বামীর লাশ পড়ে আছে। তিনি ওই বাড়িতে গিয়ে স্বামীর লাশ দেখতে পান। তার আগেই লিটন ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপন করেন। খবর পেয়ে পুলিশ ওই রাতেই লাশ উদ্ধার করে।
আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান লাশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছেন, প্রাথমিক তদন্তে নুর ইসলামকে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন