মাটিরাঙ্গায় ব্রাশফায়ারে ইটভাটার শ্রমিক নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

জেলার মাটিরাঙ্গা উপজেলার বটতলী এলাকায় গত শুক্রবার রাত আটটায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ইটভাটায় কর্মরত এক শ্রমিক নিহত ও ইটভাটার ব্যবস্থাপকসহ অপর এক শ্রমিক আহত হয়েছেন।
গুলিতে নিহত শ্রমিকের নাম ফারুক হোসেন (১৯) এবং গুরুতর আহত হন ইটভাটার ব্যবস্থাপক আবুল হোসেন (৫০) ও শ্রমিক মো. শাহজাহান (৩০)। আহত দুজনকে পুলিশ উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত আটটার দিকে ৮-১০ জন আদিবাসী যুবকের একটি সশস্ত্র দল মাটিরাঙ্গা সদর থেকে আট কিলোমিটার দূরে ভাই ভাই ব্রিক ফিল্ডে হানা দেয়। তারা ইটভাটার ব্যবস্থাপক ও শ্রমিকদের জিমিঞ্চ করে চাঁদা দাবি করে। একপর্যায়ে সন্ত্রাসীরা ইটভাটার ব্যবস্থাপক আবুল হোসেনকে অপহরণের চেষ্টা করলে শ্রমিকেরা বাধা দেন। তখন সন্ত্রাসীরা এলোপাতাড়ি ব্রাশফায়ার করে। এতে ইটভাটার শ্রমিক ফারুক হোসেন ঘটনাস্থলে নিহত হন এবং ব্যবস্থাপক আবুল হোসেন ও শ্রমিক মো. শাহজাহান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।
গতকাল শনিবার বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ইটভাটার পার্শ্ববর্তী আদিবাসী গ্রাম হরিধন মগপাড়াও পরিদর্শন করেন। ঘটনার পর রাতেই বাঙালিরা উত্তেজিত হয়ে এই পাড়ায় হামলা চালায়। হামলায় এ আদিবাসী গ্রামের একটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং লুটপাট করা হয় অন্তত ২০টি বাড়িতে। একটি বৌদ্ধ মন্দিরেও ভাঙচুর করা হয়। জেলা পরিষদ চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শনের সময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হকও উপস্থিত ছিলেন। এদিকে মাটিরাঙ্গা উপজেলায় ইটভাটা শ্রমিকদের উপর ব্রাশফায়ার করে এক বাঙালিকে হত্যা ও দুজনকে আহত করার প্রতিবাদে খাগড়াছড়িতে শনিবার সকালে এক বিক্ষোভ মিছিল করে বাঙালি ছাত্র পরিষদ। পরে এক সমাবেশে বক্তব্য দেন আবদুল মজিদ, ইসমাইল নবী, ইব্রাহিম মজুমদার, সাহাজুল ইসলাম প্রমুখ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন