চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
গৃহপরিচারিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে নগরের লালখান বাজার এলাকার হাইলেভেল সড়কের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় গৃহপরিচারিকা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে খুলশী থানায় মামলা করেছেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার সকালে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অভিযুক্ত শিক্ষক গত ২২ জানুয়ারি স্ত্রীর অনুপস্থিতির সুযোগ নিয়ে গৃহপরিচারিকাকে (১৬) ধর্ষণের চেষ্টা চালান। পরে শিক্ষকের স্ত্রী মুন্না ভৌমিক বাসায় এলে ঘটনাটি খুলে বলে গৃহপরিচারিকা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অনেক তর্কাতর্কি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার সকালে শিক্ষকের পরিবার ও তাঁর স্ত্রীর পরিবার আলোচনায় বসে।
পারিবারিক সূত্র জানায়, আলোচনার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি সম্পর্কে খুলশী থানার পুলিশকে খবর দেন। খুলশী থানার উপপরিদর্শক (এসআই) ইয়ার আলীর নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার বেলা তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে শিক্ষককে আটক করে এবং গৃহপরিচারিকাকে নিজেদের হেফাজতে নিয়ে আসে। গৃহপরিচারিকা বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন আইনে শিক্ষককে আসামি করে একটি মামলা দায়ের করে।
নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার হওয়া শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। এর আগে শিক্ষকের শাস্তির দাবিতে বিজ্ঞান অনুষদের প্রায় সব কটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন।
এদিকে অভিযোগ পাওয়া গেলে শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সফিউল আলম।
পাঠকের মন্তব্য
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন







খন্দকার মোবারক হোসেন, মথুরা পুর, কুষ্টিয়া
২০১৩.০১.২৭ ০৯:১৫