নারায়ণগঞ্জে গৃহবধূসহ দুজন খুন
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। অন্যদিকে ফতুল্লা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন: শহরের বাবুরাইলের তাঁতিপাড়া এলাকার হারাধন (৫৫) ও বন্দরের খাদিজা বেগম (৩৪)।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান বলেন, গতকাল শনিবার সকালে বন্দরের একরামপুর ইস্পাহানী এলাকার ভাড়া বাড়িতে খাটের ওপর খাদিজা বেগমের রক্তমাখা লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ লাশ ও লাশের পাশ থেকে রক্তমাখা একটি চাপাতি উদ্ধার করে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার মধ্যরাতের পর কোনো এক সময় স্ত্রী খাদিজাকে গলা কেটে হত্যার পর একমাত্র সন্তান আদিবাকে (৬) নিয়ে স্বামী শামীম শেখ পালিয়ে গেছেন।
খাদিজা ও শামীম শেখের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। শামীম শেখ একরামপুর এলাকার একটি ডকইয়ার্ডের শ্রমিক।
এদিকে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় রাস্তার ঢালে হারাধনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। লাশের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ১৮ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন হারাধন। তিনি শহরের গ্রিন সুপার মার্কেটের সামনে চা বিক্রি করতেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি সবিতা নামের এক নারীকে বিয়ে করেন। তাঁরা ফতুল্লার বাবুরাইলের তাঁতিপাড়া এলাকায় থাকতেন।
পুলিশ সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন