শিরোনাম:

চতুর্থ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

‘সভ্যতাকে সমৃদ্ধ করেছে গণিত’

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

পৃথিবীর অধিকাংশ ঘটনার সঙ্গে গণিত জড়িত। সভ্যতাকে পরিবর্তন করে আরও সমৃদ্ধ করেছে গণিত। গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি জয়ের মাধ্যমে একদিন শিক্ষার্থীরা বিশ্বকেও জয় করবে।
গতকাল শনিবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চতুর্থ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে অতিথিরা এমন আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে দিনব্যাপী এ অলিম্পিয়াডের আয়োজন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ। সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে চতুর্থ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ‘সি’তে দেড় ঘণ্টার মূল অলিম্পিয়াড চলে। বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পরিচয় ও প্রশ্নোত্তর পর্ব শুরু হয়।
অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি এম আনোয়ার হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের প্রধান আখতারুল ইসলাম, এ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান রাশেদ তালুকদার, একই বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ গণিত সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গণেশচন্দ্র রায় প্রমুখ।
ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, ‘প্রথম গণিত অলিম্পিয়াডের দায়িত্ব নিয়েছিল প্রথম আলো। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে বিভিন্ন অলিম্পিয়াড চালু হয়েছে।’
এম আনোয়ার হোসেন বলেন, গণিত ছোটখাটো কোনো বিষয় নয়। পৃথিবীর সভ্যতাকে পরিবর্তন করে আরও সমৃদ্ধ করেছে গণিত।
লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, ‘গণিত অলিম্পিয়াডে স্নাতক শিক্ষার্থীদের উপস্থিতি আমাদের দারুণভাবে আশান্বিত করেছে। গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি জয়ের মাধ্যমে একদিন তাঁরা বিশ্বকে জয় করবেন।’
চতুর্থ জাতীয় অলিম্পিয়াড উদ্যাপন কমিটির সদস্যসচিব সুজয় চক্রবর্তী জানান, এবারের অলিম্পিয়াডে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ ১৭টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৩৯ জন প্রতিযোগী অংশ নেন।
অলিম্পিয়াডে মেধাতালিকার প্রথম ১০ জনের নয়জনই বুয়েটের, একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন