কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

কুষ্টিয়া অফিস | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গতকাল শনিবার রাতে পুলিশের সঙ্গে চরমপন্থীদের ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তাঁর নাম এনামুল হক (৩৫)। উপজেলার সদরপুর ইউনিয়নের হিদিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত এনামুল চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ছিলেন। তাঁর বাড়ি মিরপুর উপজেলার মুচাইনগর গ্রামে।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সিএ হালিমের ভাষ্যমতে, একদল চরমপন্থী মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের হিদিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বসে বৈঠক করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত দুইটার দিকে তাঁর নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট ‘বন্দুকযুদ্ধ’ হয়। একপর্যায়ে চরমপন্থীরা পালিয়ে যায়। পরে সেখানে একজনকে পড়ে থাকতে দেখা যায়। লাশটি এনামুলের বলে স্থানীয়রা শনাক্ত করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সিএ হালিমের দাবি, ঘটনাস্থল থেকে পুলিশ একটি কাটা রাইফেল, একটি থ্রি নট থ্রি পিস্তল, একটি এলজি, চারটি বোমা ও আটটি গুলি উদ্ধার করে। নিহত এনামুলের বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মোট নয়টি মামলা রয়েছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন