নিবন্ধনহীন বিদেশি প্রতিষ্ঠানের এজেন্ট অনুমোদন সহজ হলো

অর্থ ও বাণিজ্য ডেস্ক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

নিবন্ধিত নয়, এমন বিদেশি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমে এজেন্ট, কারিগরি বা ব্যবস্থাপনা উপদেষ্টা ও কর্মকর্তার ভূমিকায় বাংলাদেশে কাজ করার ক্ষেত্রে স্বল্প সময়ে অনুমোদন পেতে এ-সংক্রান্ত অনুমোদন-প্রক্রিয়া উদার করেছে কেন্দ্রীয় ব্যাংক। খবর বাসসের।
এর ফলে এখন থেকে ইলেকট্রনিক বার্তার মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার এক দিনের ব্যবধানে প্রাথমিক অনুমোদন দেওয়া হবে।
গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের এক সার্কুলারে বলা হয়, আবেদনপত্র এবং সঙ্গে পাওয়া কাগজপত্র যথাযথ হওয়ার বিষয়ে প্রত্যয়ন সহকারে অনুমোদিত ডিলার ব্যাংক শাখার বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত কার্যক্রমের প্রধান কর্মকর্তার স্বাক্ষরযুক্ত ফরোয়ার্ডিং (সুপারিশসহ) পত্রের ইলেকট্রনিক কপি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের মহাব্যবস্থাপক বরাবর পাঠাতে হবে। একই সঙ্গে ফরোয়ার্ডিং পত্রের মুদ্রিত অনুলিপি ও দাখিলযোগ্য সমুদয় দলিলাদিও একই প্রাপকের বরাবর একই দিন পাঠাতে হবে।
ইলেকট্রনিক মাধ্যমে বার্তাটির প্রাপ্তি স্বীকার অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় পরবর্তী কার্যদিবসে কেন্দ্রীয় ব্যাংক জানিয়ে দেবে। প্রাপ্তি স্বীকার বার্তাটিই এজেন্সি কার্যক্রমের আবেদনের অস্থায়ী অনুমোদন বলে বিবেচিত হবে এবং এর মেয়াদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এই ব্যবস্থা বাংলাদেশ ব্যাংকের অন্য অফিসগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন