সোনাগাজী

পৌর এলাকার সব সড়কই চলাচলের অনুপযোগী

সোনাগাজী প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সোনাগাজী পৌরসভার সব কটি সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার নেই। সবখানে বড় বড় গর্ত। এ নিয়ে এলাকাবাসীর ভোগান্তির সীমা নেই।
পৌরসভার এলাকায় ১৬টি গুরুত্বপূর্ণ সড়ক: শেখ ইসহাক সড়ক, জহির উদ্দিন চৌধুরী শিমুল সড়ক, ডাক্তার আবদুল হালিম সড়ক, ইসমাঈল মুহুরী সড়ক, চরগণেষ সড়ক, শহীদ নুরুল হক সড়ক, বক্সআলী ভূঞা বাড়ি সড়ক, তুলাতলী মাঝির দোকান সড়ক, সোনাগাজী হাসপাতাল হয়ে তুলাতলী সড়ক, তুলাতলী পোস্ট মাস্টার বাড়ি সড়ক, মহিলা মাদ্রাসা ও বাখরিয়া সড়ক, আল- হেলাল একাডেমি সড়ক, আকম ইসহাক সড়ক, হালিমিয়া মাদ্রাসা সড়ক, চরগণেশ মুক্তিযোদ্ধা সড়ক।
পৌর এলাকায় ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা করিমুল হক ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, সড়কগুলোর অবস্থা এতই খারাপ যে হাঁটাও কষ্টকর হয়ে দাঁড়ায়।
সোনাগাজী সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী উম্মে ছালমা বলেন, ভাঙা রাস্তায় দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। সোনাগাজী বাজারের ব্যবসায়ী গোলাম মাওলা বলেন, সড়কের অবস্থা খারাপ হওয়ায় রিকশা ওয়ালারা ভাড়া নিচ্ছে তিন গুণ।
রিকশাচালক সিরাজুল হক বলেন, যাত্রী নিয়ে এসব সড়কে চলাচল করলে রিকশার ক্ষতি হয়। প্রায় সময় রিকশার যন্ত্রপাতি নষ্ট হয়।
পৌরসভার সহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানান, ইতিপূর্বে খানাখন্দে ভরা সব রাস্তার তালিকা তৈরি করে পৌর মেয়রকে দেওয়া হয়েছে। অর্থপ্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে দরপত্র আহ্বান করা হবে।
সোনাগাজী পৌরসভার মেয়র জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পৌরসভার নিজস্ব তহবিল দিয়ে ১৬টি সড়কের মেরামতকাজ সম্পন্ন করা সম্ভব নয়। তাই বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলভমেন্ট ফান্ডের (বিএমডিএফ) সহায়তা চেয়েছি। আশা করি, অল্প সময়ের মধ্যে আমরা তাদের কাছ থেকে অর্থ ছাড় পাব এবং সড়কগুলোর সংস্কারকাজ শেষ করতে পারব।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন