মুক্ত পেশাবিষয়ক সেমিনার কাল
মুক্ত পেশাবিষয়ক (ফ্রিল্যান্স ক্যারিয়ার) এক সেমিনার অনুষ্ঠিত হবে আগামীকাল ১ ফেব্রুয়ারি জুবিলি সড়কের কাদের টাওয়ারের সম্মেলন কক্ষে। ফ্রিল্যান্স আউটসোর্সিং সম্পর্কে সঠিক ধারণা ও দিকনির্দেশনা দিতে যৌথভাবে এ সেমিনার আয়োজন করেছে ডেভসটিম ইনস্টিটিউট এবং মাইসিস ইনস্টিটিউট অব আইটি।
সেমিনারে ফ্রিল্যান্স আউটসোর্সিং, অনলাইন মার্কেটপ্লেস, কাজের ক্ষেত্রসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। আলোচক হিসেবে থাকবেন ডেভসটিম লিমিটেডের প্রধান নির্বাহী আল-আমিন কবির, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট মাসুদুর রশীদ, ফ্রিল্যান্স মার্কেটপ্লেস ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান এবং ওডেস্কের কান্ট্রি অ্যাম্বাসেডর মাহমুদ হাসান প্রমুখ।
কর্মশালা সম্পর্কে ডেভসটিম লিমিটেডের প্রধান নির্বাহী আল-আমিন কবির বলেন, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে তথ্যপ্রযুক্তিতে প্রচুর মেধাবী তরুণ-তরুণী রয়েছেন। এঁদের মধ্যে কেউ কেউ ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে শীর্ষ অবস্থানে আছেন। আবার ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়েও অনেকে ভালো করছেন। তাঁদের সফলতার সূত্র ধরে অন্যরাও এ ক্ষেত্রে আসার আগ্রহ দেখিয়েছে। কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে অনেকে তা শুরু করতে পারছে না। তাই এ সেমিনারের আয়োজনের লক্ষ্য হচ্ছে, মুক্ত পেশায় আগ্রহীদের সঠিক দিকনির্দেশনা দেওয়া।
আগ্রহী যে কেউ সেমিনারে অংশ নিতে পারবেন। সেমিনারে নিবন্ধনের জন্য নাম, বয়স, পেশা, মুঠোফোন নম্বর জানিয়ে ই-মেল ((seminar@misys.com.bd)) করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া ওয়েবসাইটে গিয়েও (http://institute.devsteam.com/ctg-events) নিবন্ধন করা যাবে। বিস্তারিত ফোনেও (০১৮১৫৫২৫৯২৯) জানা যাবে।
নিজস্ব প্রতিবেদক।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন