• হোম
  • সারা দেশ
  •   সিলেটে একটি শিশুকে স্কুলে ভর্তি না করায় রিট আবেদন

ভর্তি নীতিমালা বাস্তবায়নে রুল, শিশুটিকে ভর্তির নির্দেশ

সিলেটে একটি শিশুকে স্কুলে ভর্তি না করায় রিট আবেদন

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সিলেটের একটি স্কুলে প্রথম শ্রেণীর একজন শিক্ষার্থীকে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি না করায় উচ্চ আদালতে গেছেন শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। রিট আবেদনকারী হিসেবে আরও আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরেক অধ্যাপক মো. আশরাফুল আলম এবং আইন ও সালিশ কেন্দ্র।
রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বেসরকারি স্কুল ও কলেজ, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০১২ বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শিক্ষাসচিব, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সিলেট জেলা শিক্ষা কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত মঙ্গলবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন।
আইনজীবী অবন্তী নূরুল প্রথম আলোকে বলেন, সিলেটের ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আনিকা আলম সফলভাবে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়। তবে কর্তৃপক্ষ লিখিত কারণ ছাড়াই তাকে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি করা থেকে বিরত থাকে।
জানতে চাইলে শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল প্রথম আলোকে বলেন, ‘শিশুটির এই অবস্থা আমাকে আহত করেছে। অথচ ওর তো কোনো দোষ নেই। ওর সহপাঠী বা বন্ধুরা স্কুলে যাচ্ছে, আর জানুয়ারি পার হলেও সে ঘরে বসে থাকছে।’ তিনি আরও বলেন, ভর্তি নিয়ে বিভিন্ন ধরনের অসংগতির এ রকম আরও অনেক দৃষ্টান্ত আছে। নীতিমালার বাইরেও অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলেও জানান এই শিক্ষাবিদ।
তবে আইনজীবী জানান, আদালতের নির্দেশের পর শিশুটিকে ভর্তি করতে ওই প্রতিষ্ঠান বাধ্য হবে। তিনি আরও বলেন, গতকাল বুধবার স্কলারস হোম পাঠানটুলি শাখার পক্ষ থেকে আইনি নোটিশের জবাব দেওয়া হয়েছে। জবাবে বলা হয়, ছাত্রীটির অভিভাবক স্কুল সম্পর্কে বিভিন্ন অভিযোগ করেছেন। এ জন্য মৌখিকভাবে তাঁকে ভর্তি থেকে বিরত রাখা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুসারে ঢাকা শহরের বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানে তিন হাজার টাকা নেওয়ার কথা। কিন্তু স্কলারস হোম সাত হাজারের বেশি টাকা নিচ্ছে।
গত বছরের ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় ভর্তির ক্ষেত্রে ফি নির্ধারণ করে নীতিমালা করে। এই নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা চেয়ে গত ২৭ জানুয়ারি রিট আবেদনটি করা হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নাঈম আহমেদ। শুনানি নিয়ে আদালত সিলেটের পাঠানটুলির স্কলারস হোমের প্রথম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থী আনিকা আলমকে ভর্তি করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন