আলোচনা সভায় তরিকুল ইসলাম

একতরফা নির্বাচন করলে মানুষ উচিত শিক্ষা দেবে

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

একতরফা নির্বাচন হলে দেশের মানুষ সরকারকে উচিত শিক্ষা দেবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম। তিনি বলেন, একতরফা নির্বাচন করলে গণ-অভ্যুত্থানে তাঁরা ভেসে যাবেন।
গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা গণপরিষদ আয়োজিত ‘মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও বাঙালির ইতিহাস বিকৃতির ইতিহাস’ শীর্ষক আলোচনা সভায় তরিকুল এই হুঁশিয়ারি জানান।
মওলানা ভাসানীর জীবনী পাঠ্যপুস্তক থেকে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানান তরিকুল। তিনি বলেন, ‘দুই-চার বালতি পানি তুলে নিলে সমুদ্রের কিছু যায় আসে না। যত দিন দেশ থাকবে, তত দিন ভাসানী মানুষের মনে চিরঞ্জীব থাকবেন।’
মঙ্গলবার রাতে পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদলের উল্লেখ করে তরিকুল ইসলাম বলেন, একদলীয় নির্বাচন করতে সরকার নিজেদের পছন্দের কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে ডিসি-এসপি হিসেবে নিয়োগ দিচ্ছে। এভাবে ষড়যন্ত্র ও নীলনকশার নির্বাচন করে ক্ষমতায় থাকা যাবে না। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, একতরফা নির্বাচন হলে দেশের মানুষ আপনাদের উচিত শিক্ষা দেবে, গণ-অভ্যুত্থানে ভেসে যাবেন।’
সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও অংশ নেন ভাষাসৈনিক আবদুল মতিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির নেতা শামসুজ্জামান, আবদুস সালাম, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, ইসমাইল হোসেন বেঙ্গল, অধ্যাপক পিয়াস করীম প্রমুখ।
সরকার গৃহযুদ্ধের নীতি গ্রহণ করেছে: সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘দেশ যাতে গৃহযুদ্ধের দিকে যায়, সরকার সে নীতি গ্রহণ করেছে। সরকার ইচ্ছাকৃত দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। এ সংঘাত থেকে তারা নিজেরাও রক্ষা পাবে না।
মওদুদ বলেন, ‘আমরা এমন অবস্থার সৃষ্টি করতে পারি যে, সরকার অচল হয়ে যাবে। কিন্তু আমরা তা করতে চাই না। সংঘাতের মাধ্যমে নয়, ব্যালটের মাধ্যমে এ সরকারের পতন চাই। প্রধানমন্ত্রী যদি নির্দলীয় সরকারের ঘোষণা দেন, তাহলে বিএনপি আন্দোলন করবে না।’
সভায় জাগপার সভাপতি শফিউল আলম প্রধানসহ ১৮ দলীয় জোটের শরিক দলের নেতারা বক্তব্য দেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন