বুড়িমারীতে আ.লীগ কার্যালয়ে শিবিরের হামলা, ভাঙচুর
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর বাজারে গতকাল বুধবার বিকেলে আওয়ামী লীগের কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়েছে শিবির। এ সময় তারা দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। শিবিরের কর্মীরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে বুড়িমারী বাজারে রড ও লাঠিসোঁটা নিয়ে শিবিরের একদল কর্মী হঠাৎ বিক্ষোভ মিছিল বের করেন। শিবিরের কর্মীরা বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর কার্যালয়ের সামনে থাকা বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিক ইমামের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ছাড়া শিবিরের কর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ের বাইরে লাগানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত ডিজিটাল ব্যানার ছিঁড়ে ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাজারে মিছিল বের করেন। এ সময় বাজারে জামায়াত-সমর্থকদের চারটি দোকান ভাঙচুর করা হয়।
এদিকে, আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরে জড়িত অভিযোগে পুলিশ উপজেলার পাটগ্রাম ইউনিয়নের চিলার বাজার গ্রামের মোমিনুল ইসলাম (৪২) নামের জামায়াতের এক কর্মীকে সন্ধ্যায় গ্রেপ্তার করেছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন