যশোরে ট্রাক থেকে চালক ও সহযোগীর লাশ উদ্ধার

যশোর অফিস ও খুলনা প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ঢাকা-খুলনা মহাসড়কের যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় একটি ট্রাকের ভেতর থেকে গলায় রশি পেঁচানো দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, লাশ উদ্ধারের ঘটনায় খুলনার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন ট্রাকশ্রমিকেরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বসুন্দিয়া গ্রামের দোলনঘাট এলাকায় একটি ট্রাকের ভেতর ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। উদ্ধার হওয়া দুই শ্রমিকের একজন ট্রাকচালক শহিদুল ইসলাম (৩৬) ও অন্যজন চালকের সহযোগী (হেলপার) সোহান (২২)। উভয়ের বাড়ি খুলনার দৌলতপুর উপজেলার মানিকতলা গ্রামে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধারের সময় দুজনের গলায় রশি পেঁচানো ছিল। তাই ধারণা করা হচ্ছে, তাঁদের গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বেলা তিনটা থেকে ট্রাকশ্রমিকেরা খুলনা নগরের জিরো পয়েন্ট, কদমতলা, শিরোমনি, রেলগেট, জোড়াগেট, বৈকালী, মানিকতলা ও ফুলতলা উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ট্রাক-গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সফিকুর রহমান বলেন, ‘আশা করছি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন