বিভিন্ন স্থানে ৭৪ জন গ্রেপ্তার
চার জেলায় শিবিরের হরতাল, ১৮টি যানবাহন ভাঙচুর
ইসলামী ছাত্রশিবিরের ডাকে হরতাল চলাকালে গতকাল বুধবার নাটোর, লক্ষ্মীপুর ও চাঁপাইনবাবগঞ্জে ১৮টি যানবাহন ভাঙচুর করা হয়েছে। হরতালের সময় লক্ষ্মীপুর শহরে শিবিরের সঙ্গে পুলিশের ও জেলার রায়পুর উপজেলায় শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়।
এদিকে, আগের বিভিন্ন মামলা ও নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে গত মঙ্গলবার এবং গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ৭৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও লক্ষ্মীপুর জেলায় আধা বেলা হরতাল ডাকে সংগঠনটি। এর মধ্যে রাজশাহী মহানগরে বিএনপি, আওয়ামী লীগের কর্মসূচি থাকায় গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছিল রাজশাহী মহানগর পুলিশ। এ কারণে গতকাল কোনো কর্মসূচি পালন করতে পারেনি আওয়ামী লীগ ও শিবির। তবে ১৪৪ ধারার ভেতরেই বিএনপি তাদের পূর্বনির্ধারিত সমাবেশ করেছে। নগরের আদালত এলাকার শহীদ মিনার চত্বরে সমাবেশ করে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে। রাজশাহীতে আধা বেলার হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। রাস্তায় শিবিরের কর্মীদের উপস্থিতিও ছিল না।
যানবাহন ভাঙচুর: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবিরের নেতা-কর্মীরা গতকাল সকাল ১০টার দিকে নাটোরের ধানাইদহ ও কদমচিলানে নাটোর-পাবনা সড়কে ১০টি ট্রাক ও ভটভটি ভাঙচুর করেন। সকালে শিবিরের কর্মীরা এসব সড়কের পাঁচটি স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।
হরতাল চলাকালে চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ ও রাজশাহী সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে এবং ইট ও কাঠের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন শিবিরের নেতা-কর্মীরা। ১০টার দিকে জেলার স্বরূপনগর ও রাজারামপুরে দুটি ট্রাক ভাঙচুর করের তাঁরা।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ, চরপাতার বর্ডার বাজার, কেরোয়ার জোড়পুল ও সোনাপুরে সিএনজিচালিত চারটি অটোরিকশা ও শহরের টিঅ্যান্ডটি সড়কে সওজের একটি ট্রাকের সামনের কাচ ভাঙচুর করেন শিবিরের কর্মীরা। ভোরে জেলার রামগতি উপজেলার হাজীগঞ্জ এলাকায় একটি অটোরিকশা ভাঙচুর করেন তাঁরা। এ ঘটনায় দুই নারী ও চালকসহ অটোরিকশার চার আরোহী আহত হন।
শিবিরের সঙ্গে সংঘর্ষ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ছয়টার দিকে লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবির শহরের উত্তর তেমুহনী পৌর বাস টার্মিনাল এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ কাঁদানে গ্যাসের ১০টি শেল ছোড়ে ও লাঠিপেটা করে। সংঘর্ষে শিবিরের ১০ কর্মী আহত হন। এ ছাড়া সকাল থেকেই শিবিরের কর্মীরা জেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে ও বিক্ষোভ মিছিল করে হরতাল পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে রায়পুরের বামনীর কাজির দীঘিরপাড় বাজারে ছাত্রশিবির ও ছাত্রলীগের সংঘর্ষে উভয় পক্ষের ১০ নেতা-কর্মী আহত হন।
৭৪ জন গ্রেপ্তার: পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহিনুর আলম ও সিরাজগঞ্জ ইসলামিক ল ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি আইনজীবী আবু তালেবকে গ্রেপ্তার করে পুলিশ। একই রাতে ফরিদপুরের সালথা উপজেলা জামায়াতের রুকন মো. মিজানুর রহমানসহ ১৭ নেতা-কর্মী, গাজীপুর সদর উপজেলায় ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জে সাতজন, সিলেটের বিশ্বনাথে তিনজন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় দুজন করে, দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল সকালে যশোরের অভয়নগর উপজেলা জামায়াতের আমির ও পায়রা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল আজিজকে তাঁর মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বেলা ১১টার দিকে গাইবান্ধা শহরের স্টেশন রোড থেকে দিগন্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ও জেলা জামায়াতের আমির আবদুর রহিমের জামাতা সৈয়দ রোকনুজ্জামান এবং সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা সমন্বয় কমিটির সভা থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির আবদুল গফুরকে (৫৫) গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া গতকাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা শিবিরের সভাপতি হাফিজুল ইসলামসহ নগর থেকে ১০ জন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাঁচজন, টাঙ্গাইলের ঘাটাইলে মাদ্রাসার অধ্যক্ষসহ চারজন, সুনামগঞ্জে দুজন ও খুলনায় জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করা হয়।
ককটেল বিস্ফোরণ: আজ বৃহস্পতিবারের হরতালের সমর্থনে গতকাল দুপুরে ও সন্ধ্যায় সিলেট নগরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন। সন্ধ্যায় নগরের বন্দরবাজার এলাকায় মশাল মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, সিলেট, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ; কুষ্টিয়া, ফরিদপুর ও সুনামগঞ্জ অফিস; নাটোর, খুলনা, গাইবান্ধা, গাজীপুর ও লক্ষ্মীপুর; রায়পুর, রামগতি (লক্ষ্মীপুর), ঘাটাইল (টাঙ্গাইল), বিশ্বনাথ (সিলেট), নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া), ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) ও অভয়নগর (যশোর) প্রতিনিধি]







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন