অন্য কলাম
বাপকা বেটা
বিখ্যাত বাবার সন্তান হওয়ার এই এক হ্যাপা। বাবার সঙ্গে সব সময়ই তুলনা হবে। আর সেটা শুধু মাঠের খেলার কারণে নয়, বাবার প্রসঙ্গটা চলে আসতে পারে অন্য কারণেও। এনজো জিদানের বেলায় যেমনটা হলো। রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে এক ম্যাচ খেলার সময় প্রতিপক্ষের এক খেলোয়াড়কে লাথি মেরে লাল কার্ড দেখেছেন এনজো। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে মাত্র নয় মিনিটই খেলার সৌভাগ্য হয়েছে তাঁর। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর বাবার সেই ২০০৬ বিশ্বকাপের ঢুঁস কাণ্ডের কথা উঠে এসেছে। বলা হচ্ছে, বাবার মেজাজের কিছুটা এনজোও পেয়েছেন! ওয়েবসাইট।
ফাঁদে ফার্গি
প্রবাদের ঘুঘুর মতো অ্যালেক্স ফার্গুসনও এবার বুঝি ফাঁদে আটকা পড়ছেন। রেফারিদের ‘তিরবিদ্ধ’ করতে ম্যানচেস্টার ইউনাইটেড কোচের চুইংগাম চিবানো মুখখানা বরাবরই পারঙ্গম। তুলনায় শাস্তি কমই পেয়েছেন। কিন্তু লাইন্সম্যান সিমন বেককে নিয়ে করা মন্তব্যের জন্য ফার্গি বুঝি পার পাচ্ছেন না। তিনি যে বেকের নৈতিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন! গত ২০ ডিসেম্বর টটেনহামের বিপক্ষে রুনিকে পেনাল্টি সীমানায় ফেলে দিলেও রেফারি পেনাল্টি দেননি। ১-১ ড্র ম্যাচ শেষে ফার্গুসন বলেন, বেক সব সময়ই ইউনাইটেডের পক্ষে সিদ্ধান্ত দিতে ব্যর্থ। গত মঙ্গলবার ফার্গির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে এফএ। এখন শুনানির অপেক্ষা। রয়টার্স।
সিনেমায় নাচ
এত দিন ব্যাডমিন্টন কোর্টে নেচে বেড়িয়েছেন জাওলা গুত্তা। নেচে নেচেই যেন প্রতিপক্ষের কোর্টে শাটলকর্ক ফেরত পাঠাতেন এই শাটলার। এবার কোর্টের বাইরেও নাচলেন এই ভারতীয় তরুণী। কোনো রিয়েলিটি শোতে নয়, সরাসরি সিনেমাতেই নেচেছেন গুত্তা। মুক্তির অপেক্ষায় থাকা তেলেগু ভাষার সিনেমা গুন্ডে জারি গালানথায়িন্ডেতে একটি বিশেষ গানের সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন ব্যাডমিন্টন তারকা। সঙ্গী ছিলেন তেলেগু চলচ্চিত্রের নামী অভিনেতা নিতিন। মূলত বন্ধু নিতিনের বিশেষ অনুরোধেই গুত্তার রুপালি পর্দায় আগমন। খেলার মতো নাচের জন্যও প্রস্তুতির কমতি ছিল না, টানা এক সপ্তাহ অনুশীলনের পর তবেই দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। ওয়েবসাইট।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন








সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন