লিলিকে ডাকল অস্ট্রেলিয়া
ডেনিস লিলি
শেন ওয়ার্নের বোমা ফাটানো মন্তব্যের সঙ্গে এর কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছেন? ডেনিস লিলির অস্ট্রেলিয়ার হাইপারফরম্যান্স দলে যোগদানের মধ্য দিয়ে কিন্তু প্রতিফলিত হলো ওয়ার্নের দাবিটাই। সাবেক কিংবদন্তি ফাস্ট বোলার লিলিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
গত সোমবার ওয়ার্ন বলেছেন, ‘অপদার্থ’দের চেয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রশাসনে ক্রিকেটের লোকদের দরকার। দুই দিন পরই ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ওয়েবসাইটে জানিয়ে দিল লিলিকে নিয়োগ দেওয়ার কথা। ৭০ টেস্টে ৩৫৫ উইকেট পাওয়া লিলির কাজ হবে কোচিং স্টাফদের পরিচালনা করা ও উঠতি ফাস্ট বোলারদের পরামর্শ দেওয়া। কাজ করবেন জাতীয় দলের হয়েও। ‘লিলিকে সশরীরে কিংবা মুঠোফোনে দলের সঙ্গে পাওয়া যাবে। কিন্তু তিনি জাতীয় দলের সঙ্গে বিদেশ সফরে যাবেন না’—বলা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে।
দলে খেলোয়াড়দের আবর্তন-পদ্ধতি নিয়ে ওয়ার্নের সঙ্গে একমত নন লিলি। তা না হলেও ওয়ার্ন কিন্তু একের পর এক পরামর্শ দিয়েই যাচ্ছেন। ওয়ার্ন এবার পড়েছেন অস্ট্রেলিয়ার কোচ মিকি আর্থারকে নিয়ে। বলেছেন, আর্থারকে সরিয়ে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে অস্ট্রেলিয়ার কোচ করা উচিত। গতকাল নিজের ওয়েবসাইটে ফ্লেমিংয়ের প্রশংসা করে ওয়ার্ন লিখেছেন, যাঁদের বিপক্ষে খেলেছেন, তাঁদের মধ্যে ফ্লেমিংই ‘প্রতিপক্ষের সেরা অধিনায়ক’। রডনি মার্শকে নির্বাচকমণ্ডলীর প্রধান হিসেবে দেখতে চান ওয়ার্ন। ওয়েবসাইট।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন








সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন