ফুটবলাররাও মক্কেল ছিলেন!
২০০৬ সালে স্পেনের পুলিশ বিশেষ এক মিশনে নেমেছিল। অপারেশন পুয়ের্তো নামের এই মিশনে ধরে ফেলা হয়েছিল সাইক্লিংয়ের ইতিহাসে অন্যতম সূক্ষ্ম ডোপিংয়ের হোতা ইউফেমিয়ানো ফুয়েন্তেসকে। ৫৭ বছর বয়সী এই চিকিৎসকের বিচার চলছে মাদ্রিদের আদালতে। সেখানেই নিজের বক্তব্য তুলে ধরার সময় ফুয়েন্তেস দাবি করেছেন, শুধু সাইক্লিং নয়, তাঁর চিকিৎসাসেবা নিয়েছেন এমন খেলোয়াড়দের মধ্যে ফুটবলারও ছিলেন। ছিলেন টেনিস, বক্সিং, এমনকি অ্যাথলেটিকসের অনেক খেলোয়াড়ও!
গ্রেপ্তারের প্রায় সাত বছর পর ফুয়েন্তেস এবং তাঁর বোনসহ চার সহযোগীর বিচার চলছে। গ্রেপ্তারের সময় তাঁদের গবেষণাগার থেকে হরমোনবর্ধক ড্রাগ, খেলাধুলার জগতে নিষিদ্ধ ঘোষিত ইপিও, অনেকগুলো রক্তের ব্যাগ এবং রক্ত সঞ্চালন সরঞ্জামও জব্দ করেছিল পুলিশ। এই অপারেশনের ধাক্কা মূলত সাইক্লিস্টদের ওপর দিয়েই গিয়েছিল। পুলিশের সন্দেহের তালিকায় ৫৮ জন সাইক্লিস্ট আছেন। এঁদের মধ্যে শাস্তি পেয়েছেন কেবল আটজন।
কিন্তু আত্মপক্ষ সমর্থনে দেওয়া বক্তব্যে ফুয়েন্তেস বলেছেন, সাইক্লিস্টদের বাইরেও তাঁর ‘ক্লায়েন্ট’ ছিল। তিনি অবশ্য সেসব খেলোয়াড়ের নাম ও জাতীয়তা বলেননি। তবে আন্তর্জাতিক ডোপিং-বিরোধী সংস্থা তীক্ষ নজর রাখছে এই বিচারপ্রক্রিয়ায়। এখান থেকে অনেক গোপন পাপীর নামও উঠে আসতে পারে। এঁদের মধ্যে থাকতে পারেন নামকরা কোনো তারকা খেলোয়াড়ও! রয়টার্স, এএফপি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন








সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন