সেবিকাকে উত্ত্যক্ত করার অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

চুয়াডাঙ্গার সিভিল সার্জনের গাড়ির চালকের বিরুদ্ধে এক সেবিকাকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের (এনটিসি) ছাত্রী সেবিকারা (স্টুডেন্ট নার্স) গতকাল বুধবার বেলা ১১টায় কর্মবিরতি পালন ও এনটিসি চত্বরে বিক্ষোভ করেন।
আন্দোলনকারী ছাত্রীরা গাড়িচালক শরিফুল ইসলাম ও তাঁর সহযোগী স্টাফ নার্স বিভা লাহিড়ীর শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত পরীক্ষা বর্জনসহ সদর হাসপাতালের সেবা কার্যক্রম থেকে বিরত থাকার হুমকি দেন।
আন্দোলনকারীদের অভিযোগ, শরিফুল ইসলাম বেশ কিছুদিন ধরে এনটিসির দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে সরাসরি এবং মুঠোফোনে অশালীন কথাবার্তা বলছেন। এ বিষয়ে ওই ছাত্রী গত ২৩ জানুয়ারি এনটিসির ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দেন। এরপর সদর হাসপাতালের স্টাফ নার্স বিভা লাহিড়ী অভিযুক্ত চালকের পক্ষ নিয়ে ওই ছাত্রীকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন।
শরিফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। স্বাস্থ্য বিভাগের একটি চক্র নার্সদের ব্যবহার করে ষড়যন্ত্রে নেমেছে।’ স্টাফ নার্স বিভা লাহিড়ীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
এনটিসির ইনচার্জ ফ্লোরা নন্দিতা চৌধুরী জানান, ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সিভিল সার্জন খোন্দকার মিজানুর রহমান বলেন, অভিযোগ প্রমাণিত হলে দোষীকে শাস্তি পেতেই হবে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন