গুরুদাসপুরে পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

নাটোরের গুরুদাসপুর উপজেলার নওপাড়া গ্রামে গত মঙ্গলবার রাতে মুঠোফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় পিটুনিতে কামাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নাটোর সদর থানার দিয়ার সাটুরিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল হোসেন, গুরুদাসপুরের নওপাড়া গ্রামের আমিন (৪০) ও জামাল (৩৭) মঙ্গলবার রাত নয়টার দিকে শ্যালোচালিত একটি টেম্পোতে করে নওপাড়া আসছিলেন। পথে মুন্না রায়হান নামের এক ব্যক্তি তাঁদের বহনকারী টেম্পোতে ওঠে। সুযোগ বুঝে ওই তিনজন মুন্নার মুঠোফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে মুন্নার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আমিন ও জামাল নিজেদের নির্দোষ দাবি করে কামালের ওপর দায় চাপিয়ে পালিয়ে যান। এরপর কামাল গণপিটুনির শিকার হন।
কামরুজ্জামান নামের স্থানীয় অবসরপ্রাপ্ত একজন শিক্ষক জানান, রাত সাড়ে নয়টার দিকে তিনি কামালকে উদ্ধার করে নওপাড়া বাজারে নিয়ে আসেন। কামালকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর উদ্যোগ নিলে তাঁর মৃত্যু হয়।
চাপিলা ইউপি চেয়ারম্যান মো. সামছুল আলম জানান, গতকাল বুধবার সকালে ঘটনাস্থলে পুলিশ আসে। এ কামালের স্বজনেরাও উপস্থিত ছিলেন। একপর্যায়ে নিহত ব্যক্তির লোকজন ইউপি সদস্য মাহবুর রহমানের ওপর চড়াও হন। এতে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনার পর থেকে আমিন ও জামাল পলাতক আছেন। নিহত কামালের স্ত্রী নাজমা বেগম জানান, তাঁর স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যমূলক। তিনি স্বামী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন