রাতারাতি পাল্টে গেছে বেড়া
কয়েক দিন আগেও বেড়া পৌর এলাকার প্রধান সড়কের বিভিন্ন স্থানে ছিল দোকানপাটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা। একশ্রেণীর ব্যবসায়ী তাঁদের দোকানের সামনে ফুটপাত দখল করে মালপত্র রাখায় পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। খোয়া উঠে যাওয়া সড়কে রিকশায় ঝাঁকুনি খেয়ে চলতে হতো। কিন্তু রাতারাতি পাল্টে গেছে সেই অবস্থা।
সড়কের দুই পাশ থেকে উচ্ছেদ করা হয়েছে অবৈধ স্থাপনা। দখলমুক্ত করা হয়েছে ফুটপাতগুলো। কার্পেটিং করায় এবড়োখেবড়ো সড়কগুলো এখন অনেকটাই মসৃণ। শুধু তা-ই নয়, পৌর এলাকার প্রধান সড়ক ও দেয়ালগুলো ধুয়েমুছে সাজিয়ে তোলা হচ্ছে। এ অবস্থায় ফুটপাত আর সড়ক দিয়ে পৌরবাসী যাতায়াত করছে দারুণ স্বস্তি নিয়ে। পৌর এলাকার এভাবে পাল্টে যাওয়ার কারণ হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার বেড়া আসছেন। তাঁর আগমন উপলক্ষে বেড়াকে সাজিয়ে তোলা হয়েছে বর্ণিল সাজে।
বেড়া বাজারের ব্যবসায়ী এনামুল হক বলেন, ‘এখন ফুটপাত দিয়ে আরামে চলতে পারছি। রিকশায় ঝাঁকুনি নেই, রাস্তাঘাটও পরিচ্ছন্ন। ইশ্, প্রধানমন্ত্রী যদি প্রতিবছরই আসতেন!’
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া লিখিত সফরসূচি থেকে জানা যায়, শনিবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী বেড়ায় আসছেন। এখানে তিনি ‘বেড়া ৭০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্র’ ও নবনির্মিত বেড়া পৌর ভবন উদ্বোধন করবেন। তবে সফরসূচিতে না থাকলেও প্রধানমন্ত্রী বেড়া কলেজ মাঠে এক মতবিনিময় সভায় যোগ দেবেন। এ ব্যাপারে বেড়া ও সাঁথিয়া উপজেলা জুড়ে ব্যাপক মাইকিং করার পাশাপাশি বেড়া কলেজ মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেড়ায় ১৫-২০টি তোরণ তৈরি করা হয়েছে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন