বাঙালি ছাত্র পরিষদের ডাকে শান্তিপূর্ণ হরতাল পালিত
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে গতকাল বুধবার দুই পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। তবে কয়েক জায়গায় বাঙালি ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরা টায়ার জ্বালিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন।
২৫ জানুয়ারি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বটতলী এলাকায় ভাই ভাই ব্রিকফিল্ডে অজ্ঞাত অস্ত্রধারীরা চাঁদার দাবিতে গুলি চালালে ফারুক হোসেন (১৯) নামের একজন শ্রমিক নিহত এবং শাহজাহান ও আবুল হোসেন নামের দুই শ্রমিক আহত হন। এ ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে তাঁরা এ হরতালের ডাক দেন। তবে সাধনানন্দ মহাস্থবির প্রকাশ বনভান্তের মহাপ্রয়াণের প্রথম বার্ষিকীর অনুষ্ঠান থাকায় রাঙামাটিতে হরতাল প্রত্যাহার করা হয়।
খাগড়াছড়ি: ভোর হওয়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন স্থানে বাঙালি ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরা টায়ার জ্বালিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশ মোতায়েন করা হলে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে অন্যত্র চলে যান। হরতালের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার, আন্ত উপজেলা সড়কে কোনো যানবাহন চলাচল করেনি। দোকানপাটও বন্ধ ছিল।
দীঘিনালা (খাগড়াছড়ি): দীঘিনালা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও গ্রামীণ সড়কে কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে পরিষদের নেতা-কর্মীরা মাইনী সেতু এলাকার চৌমুহনী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। হরতালের সমর্থনে পরিষদ উপজেলার বাস টার্মিনাল এলাকায় সমাবেশ করে। পরিষদের উপজেলা শাখার সভাপতি তাহেরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল ইসলাম দুলাল, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
বান্দরবান: বান্দরবানে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। তবে সকাল থেকে বাঙালি ছাত্র পরিষদ ও জামায়াত-শিবির সমর্থক নেতা-কর্মীরা জেলা শহরে যানবাহন চলাচলে বাধা দিয়ে পিকেটিং করতে থাকেন। দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ ছিল। কিছু কিছু রিকশা চলাচল করেছে। তবে বালাঘাটা বাজার এলাকায় ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়ার পথে পিকেটাররা বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপস্থিতি কম হলেও অফিস-আদালত ও স্কুল-কলেজ খোলা ছিল। বিকেলে বান্দরবান বাজার মসজিদ প্রাঙ্গণে পরিষদ সমাবেশ করেছে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন