ধর্ষণের বিরুদ্ধে রাজনীতিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সব রাজনীতিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি রানা দাশগুপ্ত।
গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নারী অধিকার সংগঠন ‘ফাইট ফর উইমেনস রাইটস’ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রানা দাশগুপ্ত এ কথা বলেন।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রানা দাশগুপ্ত বলেন, ভারতে চলন্ত বাসে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সেখানকার নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়েছে। দুঃখের বিষয়, বাংলাদেশে অব্যাহতভাবে ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা ঘটলেও নাগরিক সমাজ ছাড়া কোনো রাজনৈতিক দলের প্রতিবাদী ভূমিকা চোখে পড়ে না।
রানা দাশগুপ্ত বলেন, ভারতে চাঞ্চল্যকর ওই ধর্ষণের ঘটনার পর বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। কমিশন ইতিমধ্যে সুপারিশ প্রণয়ন করেছে। বাংলাদেশেও অবিলম্বে এ ধরনের বিচার বিভাগীয় কমিশন গঠন করা উচিত।
সংগঠনের সভানেত্রী ও কাউন্সিলর রেহেনা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সামপ্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগের আহ্বায়ক শরিফ চৌহান, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, আইনজীবী ইফতেখার হোসেন চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা উৎস, ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ), পার্ক, বর্ণালী, বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস), সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র), ইপসা, কর্ণফুলী সাম্পান মাঝি সমিতিসহ বিভিন্ন সংগঠন এবং শ্রেণী ও পেশার প্রতিনিধিরা।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন