চট্টগ্রামে অনুমতি পেয়েও সমাবেশ করেনি জামায়াত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

অনুমতি পেয়েও গতকাল বুধবার চট্টগ্রামে সমাবেশ করেনি জামায়াতে ইসলামী। তবে নগরের বিভিন্ন স্থানে আজকের হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। গতকাল বেলা তিনটায় নগরের পুরাতন রেলস্টেশন চত্বরে জামায়াতকে শর্ত সাপেক্ষে সমাবেশের অনুমতি দেয় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। জামায়াত নেতাদের দাবি, শেষ মুহূর্তে অনুমতি পাওয়ায় এবং কেন্দ্র থেকে হরতাল ঘোষণা করায় সমাবেশ করা সম্ভব হয়নি।
সিএমপির কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শর্ত সাপেক্ষে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হলেও তারা সমাবেশ করেনি। কিন্তু অল্প সময়ের মধ্যেই হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করেছে। এতেই প্রমাণিত হয় সমাবেশ নয়, হরতাল করাই ছিল তাদের উদ্দেশ্যে।’ গতকাল বেলা তিনটায় সমাবেশের নির্ধারিত স্থান চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন চত্বরে গিয়ে জামায়াতের কোনো নেতা-কর্মীর দেখা মেলেনি। তবে আগে থেকেই সেখানে পুলিশ মোতায়েন ছিল।
নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ বলেন, ‘সাড়ে ১১টায় অনুমতি পাওয়ায় সমাবেশের প্রস্তুতি নিতে পারিনি। কেন্দ্র থেকে পূর্ব ঘোষণাই ছিল অনুমতি না পেলে হরতাল ডাকা হবে।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন