রাঙামাটি সরকারি কলেজ
পোশাক চালু রাখার দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
রাঙামাটি সরকারি কলেজে ইউনিফর্ম (নির্ধারিত পোশাক) চালু নিয়ে শিক্ষার্থীরা বিভক্ত হয়ে পড়েছে। গতকাল বুধবার সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে ইউনিফর্ম পরা বাধ্যতামূলকসহ পাঁচ দফা দাবিতে দুই শতাধিক শিক্ষার্থী মানববন্ধন করে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।
কলেজের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে এক ঘণ্টা মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখানে ইউনিফর্ম বাধ্যতামূলক করা ছাড়াও কলেজের স্থায়ী সীমানাপ্রাচীর নির্মাণ, কলেজ ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা জোরদার, শিক্ষা কার্যক্রম চলার সময় অবৈধ অনুপ্রবেশ বন্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে স্নাতকোত্তর কোর্স চালু করার দাবি জানানো হয়।
এর আগে ১৯ জানুয়ারি কলেজের আদিবাসী শিক্ষার্থীদের একাংশ ইউনিফর্ম বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে। তাদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ একতরফাভাবে ইউনিফর্ম বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে।
কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা বলেন, ‘কলেজে ইউনিফর্ম চালুর সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়েছে। আর ইউনিফর্ম বাধ্যতামূলক করার সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।’
জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘কলেজ একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় একাডেমিক কাউন্সিল যে সিদ্ধান্ত নেবে, আমরা তাতে সহযোগিতা দিয়ে যাব।’
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন