চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পাহাড়ি ঝরনায় পড়ে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাহাড়ি ঝরনায় পড়ে গতকাল বুধবার সালমান জাহান নামের এক শিক্ষার্থী মারা গেছেন।
সালমান জাহান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। চারুকলা ইনস্টিটিউটের অবস্থান নগরে। সালমানের গ্রামের বাড়ি নোয়াখালীতে।
সালমানের বন্ধুরা জানান, বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে গতকাল শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল। তাই সকালে ১৫-২০ জন বন্ধুর সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে যান সালমান।
সালমানের বন্ধু রাকিব মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘দুপুর ১২টার দিকে সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পেছনে ঝরনায় ঘুরতে যাই। ঝরনার কিনারায় পৌঁছলে সালমান পা পিছলে পানিতে পড়ে যায়।’ তিনি বলেন, সালমানকে খুঁজতে চার বন্ধু ঝরনায় নামেন। কিন্তু প্রায় ২০ মিনিট খুঁজেও তাঁরা সালমানের সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা বেলা দুইটার পর সালমানের লাশ উদ্ধার করেন।
ডুবুরি সাইফুল ইসলাম বলেন, ‘ঝরনার নিচের অংশে একাধিক খাদ রয়েছে। কেউ ওই খাদে আটকে গেলে স্রোতের কারণে সেখান থেকে সহজে বের হতে পারেন না। সালমানের মাথা খাদে আটকে ছিল।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীর লাশ তাঁর পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পশ্চিমে পাহাড় থেকে সৃষ্ট হয়ে ঝরনাটি ৩০ কিলোমিটার উত্তরে হালদা নদীতে মিশেছে। তিন মাস আগে ঝরনার পানিতে পড়ে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী মারা যায়। ঝুঁকিপূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঝরনায় না যেতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন