চট্টগ্রামে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

যুদ্ধাপরাধীদের বিচার থেকে কেউ আমাদের টলাতে পারবে না

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘হরতাল, জ্বালাও-পোড়াও, পুলিশের ওপর হামলা চালিয়ে কেউ আমাদের যুদ্ধাপরাধীদের বিচার থেকে টলাতে পারবে না। আমরা সত্য ও ন্যায়ের পথে আছি। আমাদের জয় অনিবার্য।’ গতকাল বুধবার চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মিজানুর রহমান এ কথা বলেন।
চট্টগ্রাম বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী, আইন বিভাগের সমন্বয়ক এ বি এম আবু নোমান।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘সমাজের প্রভাবশালী কিছু মানুষ ও কিছু দল রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির জোরে সব ধরনের ক্ষমতার মালিক বনে গেছে। শ্রমিক, কৃষক, যাঁদের অক্লান্ত শ্রমে দেশের সমৃদ্ধির চাকা সচল থাকে, তাঁরা ক্ষমতা থেকে বঞ্চিত।
এঁদের কীভাবে রাষ্ট্রীয় মালিকানায় অংশীদার করা যায়, সেই লড়াইয়ে এগিয়ে আসতে হবে।’ মিজানুর রহমান সনদ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আইন পেশাকে ব্যবসা হিসেবে দেখলে চলবে না। নিজেদের দরিদ্র মানুষের সহযোগী হিসেবে গড়ে তুলতে হবে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। অর্থলিপ্সায় জড়িয়ে পড়লে অর্থ মিলবে, কিন্তু শান্তি মিলবে না।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন