তদন্ত প্রতিবেদন জমা হয়নি প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

কিশোরগঞ্জে ঝাড়ুদারের দেওয়া ইনজেকশনে ইমা আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেয়নি। কমিটি সময়মতো প্রতিবেদন না দেওয়ায় ও আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় প্রতিবাদে জানিয়েছে এলাকাবাসী। তারা গতকাল বুধবার মানববন্ধন করে। এ ছাড়া মঙ্গলবার রাতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে শুক্রবার রাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী ইমার মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, গতকাল বেলা ১১টার দিকে ইমার স্কুল সদর উপজেলার কাতিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে এলাকাবাসী। এ ছাড়া দুপুর ১২টার দিকে তারা ওই হাসপাতালের সামনে মানববন্ধন করে। এতে সর্বস্তরের মানুষ অংশ নেয়।
সার্জন মোল্লা নজরুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল গত মঙ্গলবার। কিন্তু কমিটি মঙ্গলবার আরও সাত দিনের সময় চায়। সিভিল সার্জন হুসাইন সারোয়ার খান তাদের আরও পাঁচ দিন সময় দেন। তবে এর প্রতিবাদে মঙ্গলবার রাতে এলাকাবাসী শহরে বিক্ষোভ মিছিল শেষে কালীবাড়ি মোড়ে সমাবেশ করে।
কমিটি ইমার ভর্তি রেজিস্টার, হাসপাতালে রোগীর রেজিস্টার, ব্যবস্থাপত্রসহ অন্যান্য কাগজপত্র জব্দ করার মধ্যেই তাদের কাজ সীমাবদ্ধ রেখেছে বলে হাসপাতালের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
ইমার চাচাতো ভাই হাবিবুর রহমানসহ এলাকার একাধিক ব্যক্তি জানান, তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন দেয়নি। তাই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা আরও বলেন, একটি প্রভাবশালী মহল ইমার মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তদন্ত কমিটির প্রধান মোল্লা নজরুল ইসলাম জানান, সব বিষয় ভালোভাবে জানতে ও তদন্ত করতে সময়ের প্রয়োজন। এ কারণে আরও সময় নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। হাসপাতাল ও সম্ভাব্য স্থানে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়েও তাঁদের পাওয়া যায়নি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন