শিরোনাম:

পৌরসভার ৭৭ লাখ টাকা আত্মসাৎ

তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের ৭ মামলা

জামালপুর প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

জামালপুর পৌরসভার ৭৭ লাখ ছয় হাজার ২১২ টাকা আত্মসাতের অভিযোগে পৌরসভার বরখাস্ত হওয়া হিসাবরক্ষক ও পূবালী ব্যাংকের সাবেক দুজন শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে পৃথক সাতটি মামলা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ আহমেদ গতকাল বুধবার জামালপুর সদর থানায় ওই মামলাগুলো করেন। এর মধ্যে পৌরসভার হিসাবরক্ষক মো. জালাল উদ্দিনের বিরুদ্ধে পাঁচটি ও জামালপুরের পূবালী ব্যাংকের বকুলতলা শাখার দুজন সাবেক ব্যবস্থাপক আবদুল মান্নান ও আরিফ রব্বানীর বিরুদ্ধে একটি করে মামলা করা হয়েছে।
গত বছরের ২০ জানুয়ারি প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘জামালপুর পৌরসভার হিসাবরক্ষক বরখাস্ত, ৮৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই সংবাদের সূত্র ধরে অর্থ কেলেঙ্কারি অনুসন্ধানে নামে দুদক।
দুদক সূত্রে জানা গেছে, দুদকের কর্মকর্তারা প্রায় সাত মাস অনুসন্ধান চালিয়ে প্রমাণ পান, হিসাবরক্ষক জালাল ২০০৪ সালের ২৬ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত পৌরসভার সাধারণ ও পানি শাখার কর্মকর্তা ও কর্মচারীদের ভবিষ্য তহবিল ও আনুতোষিক খাতের ১১ লাখ ৬৭ হাজার ৬৩২ টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া তিনি পৌরসভার বিভিন্ন হিসাব থেকে ঠিকাদারদের প্রদত্ত বিল থেকে কেটে রাখা জামানত, মূল্য সংযোজন কর, আয়কর ও রোলার ভাড়ার ৬৫ লাখ ৩৮ হাজার ৫৮০ টাকার চেক পৌরসভার সংশ্লিষ্ট হিসাবে ও চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা না দিয়ে সরাসরি নগদ করে জামালপুরের পূবালী ব্যাংকের বকুলতলা শাখায় ব্যক্তিগত হিসাবে (নং ৩৭৭৫) স্থানান্তর করে আত্মসাৎ করেন। সব মিলিয়ে ৭৭ লাখ ছয় হাজার ২১২ টাকা আত্মসাৎ করেন তিনি। অর্থ আত্মসাতে তাঁকে সহায়তা করেন বকুলতলা শাখার সাবেক ব্যবস্থাপক আবদুল মান্নান ও আরিফ রব্বানী।
তদন্ত চলাকালে হিসাবরক্ষক জালালকে তাঁর পদ থেকে বরখাস্ত করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) নাসিমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জামালপুর পৌরসভার অর্থ আত্মসাৎ-সংক্রান্ত সাতটি মামলা গ্রহণ করেছি। মামলাগুলো দুদক তদন্ত করবে।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন